...|...|...

বিশ্ব

বিশ্ববাজারে টানা ৩ দিন কমলো স্বর্ণের দাম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:১১
Shares
বিশ্ববাজারে টানা ৩ দিন কমলো স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির গুরুত্বপূর্ণ তথ্যের অপেক্ষায় বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান এবং হরমুজ প্রণালিতে তেলের জাহাজে হামলার জেরে জ্বালানির দাম বাড়ায় বিশ্ববাজারে টানা তৃতীয় দিনের মতো কমল সোনার দাম।

বুধবার (১৪ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৫টা ২১ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ০ দশমিক ৪ শতাংশ কমে ৪ হাজার ১৪০ ডলার ৩৩ সেন্টে নেমে এসেছে। একই সাথে যুক্তরাষ্ট্রের বাজারে ডিসেম্বরে সরবরাহের জন্য নির্ধারিত স্বর্ণের ফিউচার মূল্যও ০ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৬২ ডলার ৮০ সেন্টে দাঁড়িয়েছে।

আন্তর্জাতিক বাজারদর ও ডলারের বিনিময়মূল্য (প্রতি ডলার ১২৩ টাকা ধরে) হিসাব করে দেখা গেছে, স্পট মার্কেটে প্রতি ভরি ২৪ ক্যারেট স্বর্ণের দাম প্রায় ১ লাখ ৯১ হাজার টাকায় ঠেকেছে। তবে স্থানীয় বাজারে এই দামের সাথে আমদানি শুল্ক, ভ্যাট ও অন্যান্য মজুরি খরচ যুক্ত হয়।

বাজার বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) প্রতিবেদনের দিকে তাকিয়ে রয়েছেন। এই ডেটার ওপর ভিত্তি করেই মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার নিয়ে তাদের পরবর্তী নীতি নির্ধারণ করবে।

এদিকে হরমুজ প্রণালিতে দুটি জাহাজে হামলার খবরের পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ জলপথে ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ায় মূল্যস্ফীতি আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে মূল্যবান ধাতুর বাজারে।

স্বর্ণের পাশাপাশি আজ বিশ্ববাজারে অন্যান্য ধাতুর দামেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। স্পট মার্কেটে রুপার দাম ১ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৫৮ ডলার ৫৭ সেন্ট এবং প্লাটিনামের দাম ০ দশমিক ৬ শতাংশ কমে ১ হাজার ৬৫৩ ডলার ১৮ সেন্টে নেমেছে। তবে এর বিপরীতে প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ১৩২ ডলার ৭০ সেন্টে দাঁড়িয়েছে।