ভারতে ক্ষমতাসীন নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে যে জেন-জি আন্দোলন ছড়িয়ে পড়েছে, তা মূলত বাংলাদেশ থেকে অনুপ্রেরণা নিয়েই শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ‘অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ (আইসা)-এর সর্বভারতীয় সভাপতি নেহা বোরা।
নেহা বোরা বলেছেন, গণতান্ত্রিক ও ভোটাধিকারের দাবিতে বাংলাদেশে শুরু হওয়া আন্দোলন ভারতের তরুণ প্রজন্মকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। তিনি উল্লেখ করেছেন যে, জেন-জি নেতৃত্বাধীন আন্দোলনের পথপ্রদর্শক হিসেবে বাংলাদেশকে অনুসরণ করছে গোটা অঞ্চল।
বুধবার (১৪ অক্টোবর) সোশ্যালিস্ট স্টুডেন্টস ফ্রন্টের ষষ্ঠ জাতীয় কনফারেন্স উপলক্ষে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এই মন্তব্য করেন।
নেহা বোরা বলেন, আমরা আপনাদের প্রতি আমাদের সংহতি প্রকাশ করছি। আপনাদের কাছ থেকে আমরা অনুপ্রেরণা নিচ্ছি, আপনারা যে আন্দোলনগুলোর নেতৃত্ব দিচ্ছেন, সেখান থেকে শিক্ষা গ্রহণ করছি।
তিনি আরও বলেন, সোশ্যালিস্ট স্টুডেন্টস ফ্রন্টের ষষ্ঠ জাতীয় কনফারেন্সে বিপ্লবী শুভেচ্ছা জানাই। আপনাদের জানাই আমাদের লাল সালাম। আমরা জানি যে, এই দেশের সর্বত্র আমরা যে জেন-জি আন্দোলন দেখতে পাচ্ছি, তার সূত্রপাত হয়েছিল প্রথম বাংলাদেশে। আমাদের পথ দেখানোর জন্য আপনাদের অভিনন্দন জানাই।
ভারতের তরুণ প্রজন্মও গণতান্ত্রিক ও ভোটাধিকারের দাবিতে চলমান আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে এবং নেতৃত্ব দিচ্ছে উল্লেখ করে এই ভারতীয় ছাত্রনেত্রী বলেন, দুই দেশের শিক্ষার্থীদের সংগ্রাম ও লড়াইয়ের মধ্যে এক অদ্ভুত মিল রয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা আশা করি, বাংলাদেশের আপনারা এবং ভারতের আমরা—উভয়ে মিলে একটি উন্নত দক্ষিণ এশিয়া এবং একটি সুন্দর পৃথিবী গড়ে তোলার লক্ষে একসাথে লড়াই চালিয়ে যেতে পারব।
উল্লেখ্য, সম্প্রতি পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের ভিডিও ভাইরাল হওয়ার পর ভারতের জেন জি নেতৃত্বাধীন আন্দোলনের অন্যতম প্রধান মুখ হিসেবে আত্মপ্রকাশ করেছেন নাট্যকর্মী ও আন্দোলনকর্মী নেহা বোরা। নির্বাচনী সংস্কার এবং ভিন্নমতের স্বাধীনতাসহ বিভিন্ন দাবিতে মোদি সরকারের বিরুদ্ধে সোচ্চার থেকে জাতীয় মনোযোগ কেড়ে নিয়েছেন তিনি।


