যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনায় অগ্রগতির আশায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৩ শতাংশেরও বেশি কমেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হওয়ায় তেলের বাজারে সাময়িক স্বস্তি ফিরেছে।
সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, সোমবার (২ নভেম্বর( জিএমটি সময় ভোর ৪টা ৭ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৬৮ ডলার বা ৩ দশমিক ২ শতাংশ কমে প্রতি ব্যারেল ১০৯ দশমিক ৭৫ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৩ দশমিক ৪৩ ডলার বা ৩ দশমিক ৩ শতাংশ কমে দাঁড়ায় ১০০ দশমিক ৬৯ ডলারে।
এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত আবারও তীব্র হতে পারে—এমন আশঙ্কায় অক্টোবরের শেষ দিকে ব্রেন্ট ক্রুডের দাম ছয় মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার রয়টার্সকে বলেন, গত সপ্তাহে তেলের দামে বড় ধরনের উল্লম্ফনের পর সোমবার সকালে দর কিছুটা কমেছে। এটি মূলত আগের মূল্যবৃদ্ধির পর বাজারের স্বাভাবিক সংশোধন।
তিনি আরও বলেন, কূটনৈতিক অগ্রগতির ক্ষীণ আশা এবং সপ্তাহান্তে বড় ধরনের সামরিক উত্তেজনা না ঘটায় তেলের দামের ওপর তাৎক্ষণিক চাপ কিছুটা কমেছে।


