যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সাথে চলমান সংঘাতে বড় ধরনের উত্তেজনার আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও দুই শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। এর ফলে গত এপ্রিলের শেষ দিকের পর এটিই তেলের সর্বোচ্চ সমাপনী দর।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্ট ক্রুডের ডিসেম্বর সরবরাহের চুক্তি ২ দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৭ দশমিক ৬৪ ডলারে লেনদেন শেষ করেছে। এর আগে দাম একপর্যায়ে ১১৮ ডলারে গিয়ে ঠেকেছিল। পাশাপাশি মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম প্রায় ২ দশমিক ১ শতাংশ বেড়ে ১০৪ দশমিক ১২ ডলারে দাঁড়িয়েছে।
চলতি অক্টোবর মাসজুড়ে তেলের বাজারে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। মাস শেষে ব্রেন্ট ক্রুডের দাম সামগ্রিকভাবে ১৩ দশমিক ৬ শতাংশ এবং ডব্লিউটিআই ক্রুড ১৫ দশমিক ২ শতাংশ বৃদ্ধি নিয়ে মাস শেষ করেছে।
এদিকে স্পর্শকাতর হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারসংক্রান্ত কয়েকটি ঘটনা বাজারে সরবরাহ সংকট নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনি গার্ড কর্পস জানিয়েছে, দিনভর সুপারট্যাঙ্কার সম্পর্কিত চারটি ঘটনা ঘটেছে। এর মধ্যে ইরানি কর্তৃপক্ষের নির্ধারিত ‘অনুমোদনহীন’ রুট দিয়ে চলাচলের সময় দুটি ট্যাঙ্কার মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।


