...|...|...

অর্থনীতি

ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো ডাকাতি, বাইনান্সের ৬.৩ বিলিয়ন ডলার গায়েব

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, সকাল ১১:৩৬
Shares
ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো ডাকাতি, বাইনান্সের ৬.৩ বিলিয়ন ডলার গায়েব

ছবি: সংগৃহীত

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইনান্সে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটির দাবি, নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় প্রায় ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো সম্পদ চুরি হয়েছে। এ ঘটনাকে ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো চুরি হিসেবে দেখা হচ্ছে। হামলার পর প্রায় ৩০০ কোটি ডলারের সম্পদ জব্দ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে বাইনান্স জানায়, সাইবার হামলার বিষয়টি শনাক্ত হওয়ার পর গ্রাহকদের অর্থ জমা ও উত্তোলন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, এক প্রকৌশলীর আপস হওয়া ল্যাপটপে প্রবেশাধিকার পেয়ে হ্যাকাররা অননুমোদিত লেনদেন সম্পন্ন করে।

তবে গ্রাহকদের অর্থ নিরাপদ রয়েছে এবং চুরির কারণে হওয়া সব ক্ষতি প্রতিষ্ঠানটি নিজস্ব তহবিল থেকে পূরণ করবে বলে আশ্বস্ত করেছে বাইনান্স।

আল জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, সমস্যা সমাধানে তাদের দল দিনরাত কাজ করছে। অপরাধীদের পরিচয় নিশ্চিত করে বিচারের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সাথে কাজ চলছে। তদন্ত শেষ হলে হামলার বিষয়ে বিস্তারিত কারিগরি প্রতিবেদন প্রকাশ করা হবে।

বাইনান্সের প্রতিষ্ঠাতা ও বৃহত্তম শেয়ারহোল্ডার চ্যাংপেং ঝাওও এর আগে এক বার্তায় এক্সচেঞ্জটি হ্যাক হওয়ার আশঙ্কার কথা জানান।

ব্লকচেইন গোয়েন্দা প্রতিষ্ঠান টিআরএমের (TRM) এক প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলার পেছনে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত হ্যাকার গোষ্ঠী ট্রেডারট্রেইটার (TraderTraitor) জড়িত। তদন্তকারীদের মতে, গোষ্ঠীটি লাজারাস গ্রুপের সাথে সংশ্লিষ্ট।

টিআরএমের বৈশ্বিক নীতিবিষয়ক প্রধান অ্যারি রেডবোর্ড এ হামলাকে নজিরবিহীন ও গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনকারী ঘটনা হিসেবে বর্ণনা করেছেন।

আল জাজিরাকে তিনি বলেন, উত্তর কোরিয়া এ ধরনের বড় অঙ্কের অর্থ চুরি করলে তা অস্ত্র বিস্তারসহ বিভিন্ন অস্থিতিশীল কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে। ফলে বিষয়টি শুধু ক্রিপ্টোকারেন্সি চুরির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার জন্যও উদ্বেগের।

বাইনান্সে হামলার খবর ছড়িয়ে পড়ার পর বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম প্রায় ৫ শতাংশ কমে যায়। এর মূল্য ৭৭ হাজার ডলারের নিচে নেমে আসে।

অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয়ের ক্রিপ্টোবাজার বিশেষজ্ঞ শন ফোলি আল জাজিরাকে বলেন, বাইনান্স বিশ্বের অন্যতম বৃহৎ কেন্দ্রীয় নিয়ন্ত্রিত ক্রিপ্টো এক্সচেঞ্জ। প্রতিষ্ঠানটির নিরাপত্তা নিয়ে আস্থার সংকট তৈরি হলে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। এতে ক্রিপ্টো সম্পদের বাজারমূল্য আরও চাপে পড়ার আশঙ্কা রয়েছে।

তার মতে, এ হামলা কেন্দ্রীয়ভাবে পরিচালিত এক্সচেঞ্জগুলোর নিরাপত্তাঝুঁকি আবারও সামনে এনেছে। এর ফলে ব্যবসায়ীরা বিকেন্দ্রীভূত এক্সচেঞ্জের দিকে ঝুঁকতে পারেন।

বাইনান্সের এই হামলায় চুরি হওয়া অর্থের পরিমাণ আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এর আগে ২০২৫ সালে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত লাজারাস গ্রুপ ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইবিট থেকে প্রায় ১৫০ কোটি ডলারের সম্পদ চুরি করেছিল। সেটিই ছিল এ ধরনের সবচেয়ে বড় ঘটনা।

টিআরএমের ২০২৬ সালের ক্রিপ্টো অপরাধবিষয়ক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে প্রায় ১৫০টি হ্যাকিংয়ের ঘটনায় মোট ২৮৭ কোটি ডলারের ক্রিপ্টো সম্পদ চুরি হয়েছিল।

২০১৭ সালে চীনে চ্যাংপেং ঝাওয়ের হাত ধরে যাত্রা শুরু করা বাইনান্স বর্তমানে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ। কয়েনমার্কেটক্যাপের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনাধীন সম্পদের পরিমাণ প্রায় ১৫ হাজার ৫০০ কোটি ডলার।

এমন বড় একটি প্রতিষ্ঠানে বিপুল অঙ্কের অর্থ চুরির ঘটনা বিশ্বজুড়ে ক্রিপ্টোকারেন্সির নিরাপত্তা ও বিনিয়োগকারীদের আস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

সূত্র: আল-জাজিরা