সংবেদনশীল হরমুজ প্রণালীতে একাধিক তেলবাহী ট্যাঙ্কার মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার খবরের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাত অষ্টম মাসে গড়ালে তেলের বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা মারাত্মক ঝুঁকিতে পড়ে। এর জেরেই টানা চতুর্থ মাসের মতো জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির রেকর্ড হতে যাচ্ছে।
শুক্রবার (৩০ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, গ্রিনিচ মান সময় ০৩:২৩ টা পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের ডিসেম্বর সরবরাহের চুক্তি ব্যারেলপ্রতি ১.২০ ডলার বা ১.০৪ শতাংশ বেড়ে ১১৬.০৮ ডলারে গিয়ে পৌঁছেছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.৩৭ ডলার বা ১.৩৪ শতাংশ বেড়ে ১০৩.৩৭ ডলারে দাঁড়িয়েছে।
চলতি মাসের হিসাব অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম সামগ্রিকভাবে প্রায় ১১ শতাংশ বৃদ্ধির দিকে এগোচ্ছে। পাশাপাশি মার্কিন ডব্লিউটিআই ক্রুডের দর এক মাসেই প্রায় ১৪ শতাংশ লাফিয়ে বাড়ার পথে রয়েছে।


