দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনের বিখ্যাত মেয়োনে অগ্নুৎপাতের পর আগ্নেয়গিরির সতর্কতার মাত্রা বাড়িয়ে ‘লেভেল ৩’ করা হয়েছে। একই সাথে পর্বতটির চূড়া থেকে ছয় কিলোমিটার (৩.৭ মাইল) ব্যাসার্ধের বিপজ্জনক এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সংবাদ সংস্থা ‘আনাদোলু এজেন্সি’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি এক বিবৃতিতে জানায়, মেয়োন আগ্নেয়গিরিতে ‘মাঝারি মাত্রার বিস্ফোরণসহ’ অগ্নুৎপাত শুরু হওয়ার পর এই সতর্কতা জারি করা হয়।
প্রতিষ্ঠানটি আরও জানায়, আগ্নেয়গিরির মুখ থেকে প্রায় ৩,০০০ মিটার (৯,৮৪২ ফুট) উঁচুতে ঘন, দ্রুত উদীয়মান ধোঁয়া ও ছাইয়ের কুন্ডলী আকাশে ছড়িয়ে পড়েছে। মাঝারি বাতাসের কারণে এই ছাই দক্ষিণ-পশ্চিম দিকে ভেসে যাচ্ছে। ফলে আলবে প্রদেশের দারাগা, গুইনোবাতান এবং সংলগ্ন এলাকার জনপদগুলোতে আগ্নেয়গিরির ছাই বা ভস্ম ঝরে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
পিএইচআইভিওএলসিএস স্পষ্ট করেছে যে, যখন আগ্নেয়গিরি থেকে ভূকম্পন ক্রমাগত বাড়তে থাকে এবং প্রচণ্ড শক্তিতে প্রচুর বাষ্প ও ছাই নির্গত হয়, তখন ‘লেভেল ৩’ সতর্কতা জারি করা হয়।
সংস্থাটি সতর্ক করে দিয়ে বলেছে, এর অর্থ হলো মেয়োন আগ্নেয়গিরিটি ম্যাগমেটিক অগ্নুৎপাতের একটি নতুন ধাপে প্রবেশ করেছে। ফলে আগামী কয়েক দিন থেকে কয়েক সপ্তাহের মধ্যে লাভা প্রবাহের তীব্র ঝুঁকি রয়েছে। এছাড়া লাভা প্রবাহ, পাথর ধস এবং অন্যান্য আগ্নেয়গিরিজনিত মারাত্মক বিপদের বিষয়েও স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।
উল্লেখ্য, মেয়োন পর্বত নামে পরিচিত এই সক্রিয় আগ্নেয়গিরিটি দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দ্বীপরাষ্ট্রটির লুজোন দ্বীপের দক্ষিণাঞ্চলীয় বিকোল অঞ্চলের আলবে প্রদেশে অবস্থিত।


