কর্মসংস্থান সহায়তা কর্মসূচির আওতায় ন্যূনতম সহায়তা বেতন বাড়িয়ে প্রতি মাসে ৫,০০০ রিয়াল এবং পরবর্তী বছর থেকে ৬,০০০ রিয়াল করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাতে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।
সৌদি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ফান্ড ঘোষিত এই পদক্ষেপের প্রধান লক্ষ্য হলো স্থানীয় সৌদি নাগরিকদের ক্ষমতায়ন, শ্রমবাজারে তাদের প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের গুণগত মান ও স্থায়িত্ব নিশ্চিত করা। পাশাপাশি বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোকে আরও বেশি সংখ্যায় সৌদি নারী-পুরুষ নিয়োগে উৎসাহিত করাই এই উদ্যাগের মূল উদ্দেশ্য, যা দেশটির অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যমাত্রাকে সরাসরি সমর্থন করবে।
সরকারের এই সিদ্ধান্তটি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ‘নিতাকাত’ কর্মসূচির সাথে সংগতি রেখে বাস্তবায়িত হচ্ছে। নিতাকাত মূলত সৌদিকরণ ব্যবস্থার একটি স্কিম, যার মাধ্যমে কতজন স্থানীয় নাগরিক নিয়োগ দেওয়া হয়েছে তার ভিত্তিতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর শ্রেণিবিভাগ নির্ধারণ করা হয়।
দুই ধাপে বাড়বে বেতন এইচআরডিএফ স্পষ্ট করেছে যে এই বেতন বৃদ্ধি কার্যক্রম দুটি পৃথক ধাপে সম্পন্ন হবে:
প্রথম ধাপ: শুরু হবে ২০২৭ সালের ২৫ এপ্রিল। এই ধাপে নতুন আবেদনের ক্ষেত্রে ন্যূনতম সহায়তা বেতন ৪,০০০ রিয়াল থেকে বাড়িয়ে ৫,০০০ রিয়াল (প্রায় ১,৩৩৩ মার্কিন ডলার) করা হবে। এটি বিদ্যমান পুরোনো আবেদনকারীদের ক্ষেত্রে ২০২৭ সালের মে মাসের অনুদান অর্থ প্রদানের সময় থেকে কার্যকর হবে।
দ্বিতীয় ধাপ: শুরু হবে ২০৮ সালের ২৫ এপ্রিল। এ সময় নতুন আবেদনের ক্ষেত্রে ন্যূনতম সহায়তা বেতন ৫,০০০ রিয়াল থেকে বাড়িয়ে ৬,০০০ রিয়ালে নির্ধারণ করা হবে। এটি বিদ্যমান আবেদনকারীদের জন্য ২০২৮ সালের মে মাসের অনুদান অর্থ প্রদানের সময় থেকে কার্যকর হবে।
আংশিক বেতন বহন করবে তহবিল
তহবিল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে বেসরকারি খাতে নিয়োগপ্রাপ্ত সৌদি কর্মীদের প্রতি মাসের বেতনের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত (মাসে সর্বোচ্চ ৩,০০০ রিয়াল সাপেক্ষে) অর্থ তারা নিয়মিত অনুদান হিসেবে বহন করে যাবে। সরকার অনুমোদিত বিধিমালা ও নীতি অনুযায়ী এই সুবিধা দেওয়া হবে। এর ফলে বেসরকারি প্রতিষ্ঠানগুলো স্থানীয় নাগরিকদের নিয়োগে আরও উৎসাহিত হবে।
কর্মসংস্থান সহায়তা কর্মসূচি হলো এইচআরডিএফের অন্যতম প্রধান উদ্যোগ, যা দেশে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি, চাকরির স্থায়িত্ব নিশ্চিত করা এবং জাতীয় মানবসম্পদের দক্ষতা ও বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখছে। সার্বিক যোগ্যতা ও শর্তাদি জানার জন্য আগ্রহীদের এইচআরডিএফের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।


