বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক নির্বাচন সামনে রেখে আবদুর রহমান-রাহাত সাইফুল পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় এ সভার আয়োজন করা হয়।
সভায় আমন্ত্রিত অতিথি ও সংগঠনের সদস্যদের উপস্থিতিতে প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় প্রার্থীরা নিজেদের পরিচয় তুলে ধরার পাশাপাশি আসন্ন নির্বাচনে সদস্যদের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।
আসন্ন নির্বাচনে আবদুর রহমান-রাহাত সাইফুল পরিষদ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে রাহাত সাইফুল। সহ-সভাপতি পদে রয়েছেন রিমন মাহফুজ ও হামিদ মোহাম্মদ জসিম। সহসাধারণ সম্পাদক পদে আবু হুরায়রা মুরাদ, অর্থ সম্পাদক পদে সৈয়দা ফারজানা জামান রুম্পা, সাংগঠনিক সম্পাদক পদে মোস্তফা মতিহার এবং আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক পদে রাশেদ আনিস প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ছাড়া সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক পদে ইশরাত স্বর্ণা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে পান্থ আফজাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আমিনুর রহমান লিটন এবং দফতর সম্পাদক পদে মহিব আল হাসান নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজু আলীম, সালাম মাহমুদ, সফিকুল আলম মিলন, রুহুল সাখাওয়াত, হাফিজ রহমান, শাকিল হোসেন, মাজহার বাবু, সুকন্যা আমীর ও অরণ্য শোয়েব।
উল্লেখ্য, আগামী শুক্রবার (২০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বাচসাসের ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।


