ফিলিস্তিনিদের অভ্যন্তরীণ বিভেদ নিরসন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা ও নির্বাচন নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে বিভিন্ন ফিলিস্তিনি গোষ্ঠী। এ লক্ষ্যে মিসরের রাজধানী কায়রোয় বৈঠকে মিলিত হবেন ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও), হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
আল জাজিরাকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বুধবার ও বৃহস্পতিবার এসব বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফাতাহর মুখপাত্র আবদেল ফাত্তাহ দাওলা তুর্কি বার্তা সংস্থা আনাদোলুকে বলেন, বৈঠকে বৃহত্তর সংলাপের প্রস্তুতি এবং বিভিন্ন ফিলিস্তিনি গোষ্ঠীর মধ্যে ঐকমত্য গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে।
এর আগে গত সপ্তাহে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আগামী মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট ও আইনসভার নির্বাচন প্রায় এক বছর পিছিয়ে ২০২৭ সালের ১১ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেন।
মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন পিএলওর নির্বাহী কমিটি এক বিবৃতিতে জানায়, অধিকৃত পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর ও গাজা উপত্যকায় নির্বাচন আয়োজনের অনুকূল পরিবেশ নেই। কমিটির দাবি, ইসরায়েল গাজায় নির্বাচনী সরঞ্জাম ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রবেশের অনুমতি দেয়নি।


