ইসরায়েলি সরকারের হুমকি, উসকানি ও অপপ্রচার সত্ত্বেও ন্যায়বিচারের পক্ষে তুরস্কের অবস্থান পরিবর্তন হবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশনস ডিরেক্টরেটের প্রধান বুরহানাত্তিন দুরান।
সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানায়, রবিবার (১১ অক্টোবর) তুরস্কের সামাজিক যোগাযোগমাধ্যম এনসোশ্যাল-এ দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের এমন এক মন্তব্যের জবাবে দুরান এই প্রতিক্রিয়া জানান, যেখানে তুরস্ক ও প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে লক্ষ্য করে বক্তব্য দেওয়া হয়েছিল।
দুরানের বলেন, কাটজের ‘ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য’ অক্টোবরের শেষদিকে অনুষ্ঠেয় ইসরায়েলের নির্বাচনের আগে দেশটির সরকারের রাজনৈতিক বেপরোয়া মনোভাবের প্রতিফলন। তুরস্কের বিরুদ্ধে আনা ‘মিথ্যা অভিযোগ’ দিয়ে গাজায় ইসরায়েলের ‘গণহত্যামূলক যুদ্ধ’ এবং অঞ্চলজুড়ে তাদের আগ্রাসী নীতি আড়াল করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
দুরান আরও বলেন, যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কাটজের প্রকাশ্য প্রাণনাশের হুমকি আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করার ইসরায়েলি মানসিকতার আরেকটি উদাহরণ।
তিনি বলেন, এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ আন্তর্জাতিক জনমতের প্রতি প্রকাশ্য অবজ্ঞা। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার, ন্যায়বিচার ও দীর্ঘস্থায়ী শান্তির পক্ষে অবস্থান বজায় রাখবে।
দুরান পুনর্ব্যক্ত করেন, ইসরায়েলি সরকারের হুমকি, উসকানি ও অপপ্রচার ন্যায় ও সত্যের পক্ষে তুরস্কের অবস্থান বিন্দুমাত্র বদলাতে পারবে না।


