ওমানের উপকূলে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত একটি ট্যাঙ্কার থেকে দুই ভারতীয় নাবিক নিখোঁজ হয়েছেন। উদ্ধার করা হয়েছে আরও নয়জনকে। রবিবার (১১ অক্টোবর) ভারতের নৌপরিবহনমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এ তথ্য জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, গত ১১ অক্টোবর ওমানের সোহর উপকূলের নোঙর এলাকায় ভারতীয় ১১ নাবিক নিয়ে থাকা ‘এমটি পেট্রো ডলফিন’ ট্যাঙ্কারে ড্রোন হামলা হয়। পরে নয়জনকে উদ্ধার করা হয়েছে। তাঁরা নিরাপদে আছেন। তবে বাকি দুজনের খোঁজ মেলেনি।
সোনোয়াল জানান, নিখোঁজ নাবিকদের সন্ধানে স্থানীয় কোস্ট গার্ডের সহায়তায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। তাঁদের নিরাপদে খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। এর জবাবে ইরানও ইসরায়েলি লক্ষ্যবস্তু ও মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। সংঘাতের প্রভাবে বিশ্ব জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীতে নৌ চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার বিষয়ে ইরান সংঘাতের অবসান, নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ করা সম্পদ ফেরত দেওয়াসহ কয়েকটি শর্ত দিয়েছে।
এদিকে, ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ১৬ জন ভারতীয় নাবিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।


