...|...|...

বিশ্ব

নাভি পিল্লাইয়ের নোবেল প্রাপ্তিতে স্বাগত জানাল ফিলিস্তিন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৪৪
Shares
নাভি পিল্লাইয়ের নোবেল প্রাপ্তিতে স্বাগত জানাল ফিলিস্তিন

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার আইন বিশেষজ্ঞ নাভি পিল্লাইয়ের ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তিকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন। আন্তর্জাতিক আইন রক্ষা, মানবাধিকার প্রতিষ্ঠা এবং ইসরায়েলের বিরুদ্ধে ওঠা অপরাধের তথ্য নথিবদ্ধ করার ক্ষেত্রে তাঁর ভূমিকার স্বীকৃতি হিসেবে এই পুরস্কারকে দেখছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে পিল্লাইয়ের এই অর্জনকে সত্য ও নিপীড়িত মানুষের কণ্ঠস্বরের স্বীকৃতি হিসেবে উল্লেখ করেছে। মন্ত্রণালয়ের মতে, শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় তাঁর দীর্ঘদিনের প্রচেষ্টার প্রতিফলন এই সম্মাননা।

বিবৃতিতে বলা হয়, পিল্লাই তাঁর কর্মজীবন উৎসর্গ করেছেন আইন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে নিপীড়িত মানুষের অধিকার রক্ষায়। এর মধ্যে ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় তাঁর ভূমিকার কথাও তুলে ধরা হয়।

২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড, পূর্ব জেরুজালেম ও ইসরায়েলবিষয়ক জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের সভাপতির দায়িত্ব পালন করেন পিল্লাই। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাঁর নেতৃত্বে কমিশন গণহত্যা, যৌন সহিংসতা, শিশুদের ওপর হামলা এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নথিবদ্ধ করার কাজ করেছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার প্রচেষ্টাকে এই পুরস্কার উৎসাহিত করবে। ফিলিস্তিনের মতে, সবার জন্য ন্যায়বিচার ও সমতা নিশ্চিত না হলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

গত ৯ অক্টোবর নরওয়েজিয়ান নোবেল কমিটি ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য নাভি পিল্লাইয়ের নাম ঘোষণা করে। শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সাবেক হাইকমিশনার পিল্লাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফর রুয়ান্ডার প্রেসিডেন্ট এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

দক্ষিণ আফ্রিকার ডারবানে ভারতীয় তামিল বংশোদ্ভূত পরিবারে জন্ম নেওয়া পিল্লাই বর্ণবৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীদের পক্ষে আইনি লড়াইয়ের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

পিল্লাইয়ের নেতৃত্বাধীন জাতিসংঘের তদন্ত কমিশন ২০২৫ সালের এক প্রতিবেদনে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যার সিদ্ধান্তে পৌঁছেছিল। তবে ইসরায়েল এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

আগামী ১০ ডিসেম্বর নরওয়ের অসলোতে আনুষ্ঠানিকভাবে নাভি পিল্লাইয়ের হাতে নোবেল শান্তি পুরস্কার তুলে দেওয়া হবে।