...|...|...

বিশ্ব

পাকিস্তানের এফ-১৬ আধুনিকায়নের অনুমোদন যুক্তরাষ্ট্রের, যা বলল ভারত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, সকাল ৯:১২
Shares
পাকিস্তানের এফ-১৬ আধুনিকায়নের অনুমোদন যুক্তরাষ্ট্রের, যা বলল ভারত

ছবি: সংগৃহীত

পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান বহর আধুনিকায়নে যুক্তরাষ্ট্রের ৬৮ কোটি ৬০ লাখ ডলারের সামরিক প্যাকেজ ঘিরে নতুন করে আলোচেনা শুরু হয়েছে। ওয়াশিংটনের এই সিদ্ধান্তকে ‘দ্বিমুখী নীতি’ বলে সমালোচনা করেছেন ভারতের কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষকেরা। তাদের অভিযোগ, একদিকে ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে যুক্তরাষ্ট্র, অন্যদিকে পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তানের সামরিক সক্ষমতা বাড়াতে সহায়তা করছে।

রবিবার (৮ নভেম্বর) ভেসপার গ্লোবাল নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমানগুলোর নেভিগেশন, যোগাযোগব্যবস্থা ও প্রতিরক্ষামূলক সক্ষমতা উন্নত করতে এই প্যাকেজ অনুমোদন করেছে ওয়াশিংটন। তবে এতে পারমাণবিক অস্ত্র বা সংশ্লিষ্ট কোনো সরঞ্জাম অন্তর্ভুক্ত নেই।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের অনুমোদন পাওয়া এই প্যাকেজের মাধ্যমে পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধবিমানগুলোর কার্যক্ষমতা বাড়ানো হবে। দেশটি ১৯৮০-এর দশক থেকে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করে আসছে।

ভারতীয় সমালোচকদের দাবি, পাকিস্তান নিজেই একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। এমন পরিস্থিতিতে দেশটির যুদ্ধবিমান আধুনিকায়নে মার্কিন সহায়তা ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে ওয়াশিংটনের কঠোর অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।

নিরাপত্তা বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এই প্যাকেজে সরাসরি পারমাণবিক অস্ত্রসংশ্লিষ্ট সরঞ্জাম না থাকলেও উন্নত নেভিগেশন ও যোগাযোগব্যবস্থা পাকিস্তানের সামগ্রিক সামরিক সক্ষমতা এবং প্রতিরোধব্যবস্থাকে আরও শক্তিশালী করতে পারে।

এদিকে গত অক্টোবরে ফিলিপাইনের সেবুতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সাথে বৈঠকে পাকিস্তানের এফ-১৬ আধুনিকায়ন কর্মসূচি নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। 

তবে ওয়াশিংটনের দাবি, এই আধুনিকায়ন কর্মসূচির উদ্দেশ্য পাকিস্তানের সাথে সন্ত্রাসবিরোধী সহযোগিতা বজায় রাখা এবং যুদ্ধবিমানগুলোর নিরাপদ পরিচালনা নিশ্চিত করা। এর মাধ্যমে বিমানগুলোর কার্যক্ষমতা ২০৪০ সাল পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

দক্ষিণ এশিয়ায় ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের সামরিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, এফ-১৬ আধুনিকায়নের বিষয়টি ভবিষ্যতে ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লি ও ইসলামাবাদের প্রতিরক্ষা সম্পর্কেও প্রভাব ফেলতে পারে।

অন্যদিকে, এই আধুনিকায়ন প্যাকেজ নিয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে নতুন কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।