চীনের তীব্র বিরোধিতা ও ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক এফ-১৬ভি ব্লক ৭০ যুদ্ধবিমানের দ্বিতীয় চালান পেয়েছে তাইওয়ান। নতুন এই চালানে তিনটি যুদ্ধবিমান পৌঁছেছে দ্বীপটিতে।
রবিবার (৮ নভেম্বর) তাইওয়ানের সংবাদ সংস্থা সেন্ট্রাল নিউজ এজেন্সি (সিএনএ) দেশটির বিমানবাহিনীর বরাতে জানিয়েছে, সকালে তিনটি যুদ্ধবিমান তাইতুংয়ের চিহহাং বিমানঘাঁটিতে নিরাপদে অবতরণ করে।
যুদ্ধবিমানগুলো গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় অবস্থিত লকহিড মার্টিনের কারখানা থেকে যাত্রা শুরু করে। এর আগে গত মাসে প্রথম চালানে দুটি এফ-১৬ভি ব্লক ৭০ যুদ্ধবিমান পেয়েছিল তাইওয়ান। ফলে এখন পর্যন্ত পাঁচটি নতুন যুদ্ধবিমান হাতে পেয়েছে তাইপে।
২০১৯ সালে প্রায় ৮ বিলিয়ন ডলারের চুক্তিতে তাইওয়ানের কাছে ৬৬টি এফ-১৬ভি ব্লক ৭০ যুদ্ধবিমান ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র।
এ ছাড়া ‘ফিনিক্স রাইজিং’ কর্মসূচির আওতায় লকহিড মার্টিন ও তাইওয়ানের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করপোরেশন যৌথভাবে ১৪০টি পুরোনো এফ-১৬এ/বি যুদ্ধবিমানকে এফ-১৬ভি ব্লক ২০ সংস্করণে উন্নীত করেছে। ২০২৩ সালের ডিসেম্বরে এই কার্যক্রম শেষ হয়।
তবে তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রির কঠোর বিরোধিতা করে আসছে চীন। নতুন যুদ্ধবিমান সরবরাহের বিষয়েও বেইজিং নিজেদের আপত্তি পুনর্ব্যক্ত করেছে।
উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে। অন্যদিকে তাইওয়ানের সরকার নিজেদের স্বশাসন বজায় রাখার পক্ষে অবস্থান নিয়েছে। এমন পরিস্থিতিতে নতুন যুদ্ধবিমান সরবরাহ দ্বীপটির আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে।


