...|...|...

বিশ্ব

নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা যাবে না: কাতার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৩৪
Shares
নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা যাবে না: কাতার

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি। ছবি : সংগৃহীত

উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তার জন্য কেবল যুক্তরাষ্ট্রের সাথে কৌশলগত জোটের ওপর নির্ভর না করার আহ্বান জানিয়েছে কাতার। সোমবার (৭ সেপ্টেম্বর) আবুধাবিতে ‘হিলি ফোরামে’ বক্তব্য দেওয়ার সময় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এ তাগিদ দেন।

মাজেদ আল-আনসারি বলেন, উপসাগরীয় অঞ্চলে আন্তর্জাতিক শক্তি ও যুক্তরাষ্ট্রের সাথে কৌশলগত জোট গুরুত্বপূর্ণ হলেও তা আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথেষ্ট নয়। এখন সময় এসেছে নিরাপত্তার ক্ষেত্রে আত্মনির্ভরশীল হওয়ার, যা সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ।

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত থামাতে কাতার ও পাকিস্তান মধ্যস্থতা করেছিল। তাদের প্রচেষ্টায় গত এপ্রিলে যুদ্ধবিরতি এবং জুনে সমঝোতা স্মারক সই হলেও তা ভেঙে পড়ে। প্রায় এক মাসের নীরবতার পর সম্প্রতি ফের মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে হামলা-পাল্টা হামলা শুরু হয়েছে।

এদিকে দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের এক বিমান হামলায় চারজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে। ইরানি কর্মকর্তাদের দাবি, ওই হামলায় আরও অনেকে আহত হয়েছেন। এর আগে ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় কাতারসহ অন্যান্য দেশ তীব্র নিন্দা জানিয়েছিল।