...|...|...

বিশ্ব

দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, ভারতীয় মন্ত্রীর মেয়েসহ নিহত ৪

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:৫৮ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:১০
Shares
দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, ভারতীয় মন্ত্রীর মেয়েসহ নিহত ৪

ভারতের ঝাড়খণ্ডের জামশেদপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিয়ে ভয়াবহ দুর্ঘটনায় নিহত হয়েছেন চারজন। নিহত ব্যক্তিদের মধ্যে ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতমন্ত্রী দীপিকা পাণ্ডে সিংয়ের মেয়ে তৃষা সিং রয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোররাতে সোনারি থানা এলাকার মেরিন ড্রাইভ সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, আজ রাত আনুমানিক তিনটার দিকে একটি সাদা গাড়িতে করে তৃষা সিং, সারথক আগরওয়াল, নমন গুপ্ত ও বংশিকা খান্ডেলওয়াল মেরিন ড্রাইভ সড়ক দিয়ে যাচ্ছিলেন।

পথিমধ্যে সড়কের ডিভাইডারের পাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় গাড়িটি। সংঘর্ষের তীব্রতায় গাড়িটির সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে ট্রাকের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

বিকল ট্রাকটির পেছনে প্রতিফলক চিহ্নের বদলে কেবল একটি গাছের ডাল রাখা ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। দুর্ঘটনার পর গাড়ি কেটে লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এমজিএম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

সোনারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় সুমন জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে মন্ত্রীকন্যাসহ চারজনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গোয়ার। রাতের বেলায় সড়কে বিকল যানবাহন ফেলে রাখা এবং পর্যাপ্ত নিরাপত্তা সংকেত না থাকার বিষয়টি নিয়ে চরম ক্ষোভ ও প্রশ্ন তৈরি হয়েছে।