...|...|...

খেলা

শিরোপা জিতেও বিতর্কে, ভারতীয় যুবারাদের ধুয়ে দিলেন ইউসুফ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, সকাল ১০:৫৬
Shares
শিরোপা জিতেও বিতর্কে, ভারতীয় যুবারাদের ধুয়ে দিলেন ইউসুফ

ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে রেকর্ড নবমবারের মতো শিরোপা জিতেছে ভারত। তবে শেষ বলে পাওয়া রুদ্ধশ্বাস জয়ের আনন্দ উদ্‌যাপনের ধরন নিয়ে বিতর্কে জড়িয়েছে ভারতীয় যুবারা। ম্যাচ শেষে পাকিস্তানি ক্রিকেটারদের উদ্দেশে আক্রমণাত্মক অঙ্গভঙ্গি ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এ ঘটনায় এবার ভারতীয় ক্রিকেটারদের সংযত হওয়ার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ।

ওমানে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে শিরোপা নিশ্চিত করে ভারত। ম্যাচের পর ভারতীয় খেলোয়াড়দের আচরণ নিয়ে সমালোচনা শুরু হলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজেদের প্রতিক্রিয়া জানান ইউসুফ। সেখানে তিনি খেলোয়াড়দের ব্যক্তিগত মূল্যবোধ ও প্রতিপক্ষের প্রতি সম্মান প্রদর্শনের গুরুত্ব তুলে ধরেন।

ফাইনালে ৩৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ভালো অবস্থানে থাকলেও মাঝপথে বিপাকে পড়ে ভারত। ২৫২ রানে ৮ উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় পড়ে দলটি। তবে নবম উইকেটে মানাল চৌহান ও মোহিত উলভারের ৫৭ রানের জুটি ম্যাচের চিত্র বদলে দেয়। শেষ বল পর্যন্ত গড়ানো লড়াইয়ে জয় নিশ্চিত করে ভারত। এর মধ্য দিয়ে টুর্নামেন্টের ইতিহাসে নবমবারের মতো শিরোপা জয়ের রেকর্ড গড়ে তারা।

তবে ম্যাচের ফলাফলের চেয়ে বেশি আলোচনা তৈরি করেছে ভারতীয় ক্রিকেটারদের উদ্‌যাপনের ধরন। ম্যাচ শেষে পাকিস্তানি খেলোয়াড়দের লক্ষ্য করে কয়েকজন ভারতীয় ক্রিকেটারকে আক্রমণাত্মক অঙ্গভঙ্গি করতে দেখা যায়। পাকিস্তানের উইকেটকিপার হামজা জাহুরের সামনে এক ভারতীয় খেলোয়াড়কে উত্তেজিত হয়ে চিৎকার করতেও দেখা গেছে। এমনকি পাকিস্তানের ড্রেসিংরুমের দিকে কয়েকজনকে পা ছুড়তে দেখা যায়। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন ভারতীয় দলের কর্মকর্তারা।

এমন আচরণের সমালোচনা করেছেন সাবেক ক্রিকেটার ও সমর্থকদের অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এবার সেই সমালোচনায় যুক্ত হলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ।

এক্সে দেওয়া পোস্টে ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশে তিনি লেখেন, ‘আপনি যখন মাঠে নামেন, তখন শুধু নিজের দেশের প্রতিনিধিত্ব করেন না। বরং আপনার বেড়ে ওঠা, বাবা-মায়ের কাছ থেকে শেখা মূল্যবোধ ও নৈতিকতারও প্রতিনিধিত্ব করেন।’

জয় কিংবা পরাজয় কোনো অবস্থাতেই প্রতিপক্ষকে অসম্মান করা উচিত নয় বলেও মন্তব্য করেন ইউসুফ। তিনি আরও লেখেন, ‘জয় কিংবা পরাজয়, সব পরিস্থিতিতেই শ্রদ্ধাশীল ও সংযত থাকুন। ফলাফল যা-ই হোক, একজন খেলোয়াড়ের আচরণেই প্রকৃত ক্রীড়াসুলভ মানসিকতার পরিচয় পাওয়া যায়।’

এদিকে ফাইনাল শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে প্রচলিত সৌজন্যমূলক হ্যান্ডশেকও হয়নি। ভারত-পাকিস্তান ক্রিকেটে সাম্প্রতিক সময়ে এমন পরিস্থিতি অবশ্য নতুন নয়। দুই দেশের রাজনৈতিক উত্তেজনার প্রভাব বিভিন্ন সময় ক্রিকেট মাঠেও দেখা গেছে।

এর আগে ২০২৫ সালের এশিয়া কাপেও পাকিস্তানি খেলোয়াড়দের সাথে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছিলেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ও তার সতীর্থরা। পরে শিরোপা জয়ের পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভির কাছ থেকেও ট্রফি গ্রহণ করেনি ভারত।