...|...|...

খেলা

৪৬ বছর বয়সে মাঠে নেমেই চমক দেখালেন রোনালদিনহো

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, সকাল ৯:০০
Shares
৪৬ বছর বয়সে মাঠে নেমেই চমক দেখালেন রোনালদিনহো

রোনালদিনহো। ছবি: সংগৃহীত

৪৬ বছর বয়সে অবসর ভেঙে আবারও ফুটবল মাঠে ফিরেছেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনহো। দীর্ঘ ১৫ বছর পর ইতালির তৃতীয় স্তরের ক্লাব রাভেনার হয়ে খেলতে নেমে জয়ের স্বাদ পেয়েছেন তিনি। গোল করতে না পারলেও সতীর্থকে দিয়ে গোল করিয়ে দলের ২-০ ব্যবধানের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সাবেক এই বার্সেলোনা তারকা।

রবিবার (১৫ নভেম্বর) ইতালির সিরি সি লিগে ফোরলির বিপক্ষে রাভেনার হয়ে অভিষেক হয় রোনালদিনহোর। স্টেডিও ব্রুনো বেনেলিতে অনুষ্ঠিত ম্যাচটিতে শুরুর একাদশেই ছিলেন ২০০২ বিশ্বকাপজয়ী এই ফুটবলার। প্রথম গোলের ক্ষেত্রেও ছিল তার গুরুত্বপূর্ণ অবদান।

২০১৫ সালে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে সর্বশেষ পেশাদার ফুটবল খেলেছিলেন রোনালদিনহো। এরপর গত আগস্টে বিনিয়োগকারী হিসেবে যুক্ত হন রাভেনার সাথে। এবার সেই ক্লাবের হয়েই অবসর ভেঙে মাঠে নামলেন ৪৬ বছর বয়সী এই তারকা।

ম্যাচের শুরু থেকেই নিজের সামর্থ্যের ঝলক দেখান রোনালদিনহো। একটি কর্নার থেকে জিউলিও দোনাতির জন্য গোলের সুযোগ তৈরি করেছিলেন তিনি। তবে প্রতিপক্ষের এক ডিফেন্ডার হেড করে বল ফিরিয়ে দেন। পরে আরেকটি আক্রমণে প্রতিপক্ষের ডিফেন্ডারকে কাটিয়ে সতীর্থের কাছে বল বাড়ান ব্রাজিলিয়ান কিংবদন্তি। তার পাসের পর পাওয়া বলে বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন দোনাতি।

প্রথমার্ধের বিরতির সময় রোনালদিনহোকে ঘিরে সাংবাদিকদের ভিড় জমে যায়। এ সময় মাঠে তার সাথে দেখা যায় ব্রাজিল ও এসি মিলানের সাবেক সতীর্থ গোলরক্ষক দিদাকেও। বিরতির পর আর মাঠে নামেননি রোনালদিনহো। প্রথমার্ধ শেষেই তাকে তুলে নেন কোচ।

ম্যাচটি ঘিরে দর্শকদের মধ্যেও ছিল ব্যাপক আগ্রহ। স্টেডিও ব্রুনো বেনেলির গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। রোনালদিনহোর পরিচিত ১০ নম্বর জার্সির প্রতি সম্মান জানিয়ে তৈরি করা হয়েছিল ‘আর১০’ নামের বিশেষ অস্থায়ী গ্যালারি। বিশ্বের কয়েকটি দেশেও সরাসরি সম্প্রচার করা হয় ম্যাচটি।

অভিষেকের আগে শনিবার দলের সাথে মাত্র একবার অনুশীলন করেছিলেন রোনালদিনহো। ম্যাচের আগে প্রকাশিত দলীয় গ্রাফিকসে তাকে বাঁ প্রান্তের খেলোয়াড় হিসেবে দেখানো হলেও মাঠে মূলত মাঝমাঠে খেলেছেন তিনি।

বর্ণাঢ্য ক্যারিয়ারে ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ এবং বার্সেলোনার হয়ে ২০০৬ সালের চ্যাম্পিয়নস লিগ জিতেছেন রোনালদিনহো। বার্সেলোনা ও এসি মিলানের হয়ে ঘরোয়া লিগ শিরোপাও জিতেছেন। ২০০৫ সালে পেয়েছেন ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার।

প্যারিস সেন্ট জার্মেই, গ্রেমিও, ফ্ল্যামেঙ্গো, অ্যাটলেটিকো মিনেইরো, ফ্লুমিনেন্স ও মেক্সিকোর কেরেতারোতেও খেলেছেন তিনি। ক্যারিয়ারে সব মিলিয়ে ২৯৯ গোল করা রোনালদিনহোর সামনে রাভেনার হয়ে ৩০০তম গোল করার হাতছানি ছিল। এমনকি দল পেনাল্টি পেলে সেটি নেওয়ারও পরিকল্পনা ছিল তার।

ম্যাচ শেষে স্কাই স্পোর্ট ইতালিয়াকে নিজের অনুভূতি জানিয়ে রোনালদিনহো বলেন, ‘এখানে থাকা, খেলা এবং ড্রেসিংরুমে সময় কাটানো সত্যিই দারুণ ব্যাপার ছিল।’

রাভেনার হয়ে আবারও মাঠে নামবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট যদি আমাকে ডাকেন, তাহলেই আমি আবার নামব।’

সিরি সি লিগের গ্রুপে বর্তমানে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাভেনা। ফলে রোনালদিনহোকে আবারও এই দলের জার্সিতে দেখা যাবে কি না, সেটিই এখন দেখার বিষয়।