...|...|...

বিশ্ব

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪ ফিলিস্তিনি নিহত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, দুপুর ২:১৭
Shares
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪ ফিলিস্তিনি নিহত

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। সোমবার (২ অক্টোবর) গাজার বিভিন্ন এলাকায় এসব হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে চিকিৎসা বিভাগের একটি সূত্র।

সংবাদমাধ্যম আল-জাজিরা  এক প্রতিবেদনে জানায়, দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি হামলায় একজন নিহত হন। এ ঘটনায় এক নারী ও দুই শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। নাসের মেডিকেল কমপ্লেক্সের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আল-মাওয়াসি এলাকায় একটি ইসরায়েলি ড্রোন থেকে অন্তত একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার লক্ষ্যবস্তু ছিলেন এক ফিলিস্তিনি।

একই সূত্র জানায়, খান ইউনিসের আরেকটি এলাকায় ইসরায়েলি হামলায় আরও একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের পূর্বে ইসরায়েলি হামলায় ৪০ বছর বয়সী এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তার আঘাত মাঝারি বলে জানা গেছে। এছাড়া রবিবার বিকেলে আল-মাওয়াসিতে ইসরায়েলি হামলায় আহত এক ফিলিস্তিনি পরে মারা গেছেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, খান ইউনিসের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সামরিক যান থেকে ব্যাপক গুলিবর্ষণ করা হয়েছে। দেইর আল-বালাহর পূর্বে আল-মাসদার গ্রামের কাছে ফিলিস্তিনিদের একটি জমায়েত লক্ষ্য করে কোয়াডকপ্টার ড্রোন থেকে বোমা ফেলা হয়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, আল-মাসদারের পূর্বে ইসরায়েলি বাহিনী নিজেদের অবস্থানের বাইরে থাকা বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা ধ্বংস করেছে। গত কয়েক দিনে ওই এলাকায় সামরিক যান ও বুলডোজার প্রবেশের পর গুলিবর্ষণ ও কামানের গোলা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে বাড়িঘর ও বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি পরিবার এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

এদিকে গাজা শহরের পূর্বাঞ্চল লক্ষ্য করে ইসরায়েলি সামরিক যান থেকে কামানের গোলা ও গুলি ছোড়া হয়েছে। একই সময়ে শহরের উপকূলীয় এলাকায় ইসরায়েলি নৌযান থেকেও গুলিবর্ষণের খবর পাওয়া গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ১ হাজার ৫৮৩ ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৭১১ জন আহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলের দুই বছরব্যাপী হামলায় গাজায় ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজারের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।