...|...|...

বিশ্ব

হ্যালোইন উৎসবে একের পর এক গুলি, নিহত ৮

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, সকাল ৮:০২ | আপডেট: ২ নভেম্বর ২০২৬, সকাল ৯:০৮
Shares
হ্যালোইন উৎসবে একের পর এক গুলি, নিহত ৮

ছবি : সংগৃহীত

হ্যালোইনের উৎসব ঘিরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে নেমে এসেছে আতঙ্ক। সপ্তাহান্তে একের পর এক বন্দুক হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। কস্টিউমের দোকান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশ থেকে শুরু করে জনপ্রিয় বিনোদনকেন্দ্র-কোনো জায়গাই বাদ যায়নি সহিংসতা থেকে। ধারাবাহিক এসব হামলায় জনসমাগমপূর্ণ স্থানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

সবচেয়ে ভয়াবহ হামলাটি ঘটেছে টেক্সাসের ডালাস শহরে। সেখানকার জনপ্রিয় বিনোদন এলাকা ডিপ এলামে মাত্র ৭৫ মিনিটের ব্যবধানে তিনটি পৃথক স্থানে গুলি চালানো হয়। এতে চারজন নিহত এবং ১৫ জন আহত হন। শনিবার রাতে ঘটে যাওয়া এসব হামলার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

ডালাস পুলিশের প্রধান ড্যানিয়েল কোমো জানান, তিনটি পৃথক স্থানে গুলির ঘটনা ঘটলেও হামলার উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়। এ ঘটনায় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে হামলার সাথে তাদের সম্পৃক্ততা নিশ্চিত হওয়া যায়নি। সহিংসতা এড়াতে আগে থেকেই ওই এলাকায় পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছিল। তারপরও হামলা ঠেকানো সম্ভব হয়নি।

একই সপ্তাহান্তে আলাবামার বার্মিংহাম শহরেও বন্দুক হামলায় প্রাণ হারান একজন। আহত হন আরও আটজন। ঐতিহাসিক ফুটবল প্রতিযোগিতা ‘ম্যাজিক সিটি ক্ল্যাসিক’ শেষে লিজিয়ন ফিল্ড স্টেডিয়ামের কাছের একটি সড়কে এ ঘটনা ঘটে। প্রতিযোগিতা দেখতে সেখানে সমবেত হয়েছিলেন প্রায় ৭০ হাজার দর্শক। খেলা শেষে অধিকাংশ দর্শক ও তাদের পরিবারের সদস্যরা স্টেডিয়াম এলাকা ছেড়ে যাওয়ার পরই গুলি চালানো হয়। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র।

ক্যালিফোর্নিয়ার ফেয়ারফিল্ড শহরে হ্যালোইনের পোশাক ও সাজসজ্জার দোকান ‘স্পিরিট হ্যালোইনে’ শুক্রবার রাতে গুলিতে নিহত হন ৩১ বছর বয়সী কনস্ট্যান্স হেইজেস। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। এ ঘটনায় আরও ছয়জন গুলিবিদ্ধ হন। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশের প্রাথমিক ধারণা, নির্দিষ্ট একজনকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল। হামলাকারীকে শনাক্ত করতে তদন্ত চলছে। এ কাজে সহায়তা করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।

একই দিনে মিশিগানের ম্যাডিসন হাইটস শহরের আরেকটি ‘স্পিরিট হ্যালোইন’ দোকানে গুলিতে নিহত হন ২১ বছর বয়সী এক তরুণ। শুক্রবারের এ দুটি হামলায় হ্যালোইনের কেনাকাটা করতে যাওয়া সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে ডেলাওয়ারের নিউয়ার্ক শহরে ইউনিভার্সিটি অব ডেলাওয়ার ক্যাম্পাসের কাছে শনিবার গভীর রাতে গুলির ঘটনায় আহত হয়েছেন ছয়জন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে রবিবার পর্যন্ত আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানায়নি পুলিশ।

ইলিনয়ের ব্লুমিংটন শহরে ইলিনয় ওয়েসলিয়ান বিশ্ববিদ্যালয়ের কাছেও ঘটেছে বন্দুক হামলা। এতে ১৯ বছর বয়সী এক তরুণী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও এক নারী। এ ছাড়া আহত হয়েছেন ছয়জন। অন্যদিকে আরকানসাসের ফায়েটভিলে গুলিতে আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, সেখানে গুলি চালানোর আগে দুই পক্ষের মধ্যে বিরোধের ঘটনা ঘটেছিল।

প্রতি বছর হ্যালোইন উপলক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে রাতভর চলে উৎসব, পার্টি ও নানা বিনোদনমূলক আয়োজন। শিশু-কিশোর থেকে শুরু করে পরিবারের সদস্য ও তরুণরা এসব আয়োজনে অংশ নেন। এ সময় ডালাস, বার্মিংহামসহ বিভিন্ন শহরের বিনোদনকেন্দ্র ও বিশ্ববিদ্যালয় এলাকায় মানুষের ভিড় বাড়ে। তবে এবারের উৎসবে একাধিক শহরে বন্দুক হামলার ঘটনায় আনন্দের পরিবেশ ছাপিয়ে ছড়িয়েছে আতঙ্ক।

এখন পর্যন্ত এসব হামলার মধ্যে কোনো সমন্বিত পরিকল্পনা বা পারস্পরিক যোগসূত্রের প্রমাণ পাওয়া যায়নি। প্রতিটি ঘটনার আলাদা করে তদন্ত করছে সংশ্লিষ্ট পুলিশ বিভাগ। তবে উৎসবের সময় জনবহুল এলাকায় ধারাবাহিক প্রাণঘাতী এসব হামলা যুক্তরাষ্ট্রে জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।