...|...|...

বিশ্ব

ট্রাম্পের প্রাসাদের কাছে আছড়ে পড়ল বিমান, নিহত ৯

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ভোর রাত ৪:৫৭ | আপডেট: ২ নভেম্বর ২০২৬, ভোর রাত ৪:৫৮
Shares
ট্রাম্পের প্রাসাদের কাছে আছড়ে পড়ল বিমান, নিহত ৯

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে একটি ব্যক্তিগত জেট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে চালকসহ ৯ জন নিহত হয়েছেন। শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রাসাদ মার-এ-লাগোর দূরত্ব মাত্র ৯ মাইল বা প্রায় ১৪ দশমিক ৪৮ কিলোমিটার।

যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি টেক্সাসের অস্টিন শহরের বার্গস্ট্রম বিমানবন্দর থেকে বাহামাসের উদ্দেশে যাত্রা করেছিল।

এফএএ এক বিবৃতিতে জানায়, ৯ জন আরোহী নিয়ে ব্যক্তিগত জেটটি দক্ষিণ ফ্লোরিডার পাম বিচের ক্রেস্টহেভেন এলাকার একটি আবাসিক এলাকায় আছড়ে পড়ে। দুর্ঘটনার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। এতে সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।

বিবৃতিতে আরও বলা হয়, এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে দুর্ঘটনার তদন্ত করবে। তদন্তের মূল দায়িত্ব পালন করবে এনটিএসবি। সংস্থাটি পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবে।

দুর্ঘটনার পর উদ্ধার ও জরুরি সেবাদানকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। নিরাপত্তার স্বার্থে ক্রেস্টহেভেন বুলেভার্ড ও ১০ম অ্যাভিনিউ নর্থের মধ্যবর্তী মিলিটারি ট্রেইল সড়ক বন্ধ করে দেওয়া হয়। একই সাথে সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

পাম বিচ কাউন্টি ফায়ার সার্ভিস তাদের এক্স অ্যাকাউন্টে এক বার্তায় জানায়, বিমান দুর্ঘটনা ঘটেছে। এলাকাটি এড়িয়ে চলুন। পরিস্থিতি স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগতে পারে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে উড়োজাহাজটিকে দ্রুত নিচের দিকে নামতে দেখা যায়। কিছুক্ষণ পরই বিস্ফোরণ ঘটে। এতে আকাশে ছড়িয়ে পড়ে ধোঁয়া ও আগুনের শিখা।

বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, লিয়ারজেট মডেলের উড়োজাহাজটি বিকেল ৩টা ৩৭ মিনিটে অস্টিন থেকে বাহামাসের উদ্দেশে উড্ডয়ন করে। বিধ্বস্ত হওয়ার আগে এটি ৪১ হাজার ফুট উচ্চতায় উড়ছিল।

সূত্র: ফক্স নিউজ