...|...|...

বিশ্ব

অক্টোবরে রাশিয়ার ৫৪ হাজার সেনা হতাহত, দাবি জেলেনস্কির

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, রাত ১০:৩৭
Shares
অক্টোবরে রাশিয়ার ৫৪ হাজার সেনা হতাহত, দাবি জেলেনস্কির

ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে গত অক্টোবর মাসে রুশ বাহিনীর ৫৪ হাজার ৪০০ সেনা নিহত বা গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, যুদ্ধ শুরুর পর এক মাসে রুশ বাহিনীর এটিই সর্বোচ্চ হতাহতের ঘটনা।

সংবাদমাধ্যম রয়টার্স জানায়, রবিবার (১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি জানান, অক্টোবর মাসে ইউক্রেনীয় বাহিনী ৯৬ দশমিক ২ বর্গকিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে। একই সময়ে রুশ বাহিনী দখল করতে পেরেছে এর চেয়ে ১০ দশমিক ৪ বর্গকিলোমিটার কম এলাকা।

তিনি আরও দাবি করেন, গত ২১ অক্টোবর এক দিনেই রুশ বাহিনীর ২ হাজার ২৫০ সেনা হতাহত হয়েছেন, যা দৈনিক ক্ষয়ক্ষতির নতুন রেকর্ড।

জেলেনস্কি বলেন, রাশিয়া ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ছে। ইউক্রেনীয় বাহিনী নিজেদের অবস্থান ধরে রাখার পাশাপাশি ভূখণ্ড পুনরুদ্ধার করছে। আগ্রাসী পক্ষের জন্য যুদ্ধের প্রতিটি দিনকে যতটা সম্ভব ব্যয়বহুল করে তোলা হচ্ছে।

তিনি আরও বলেন, এই ভয়াবহ ক্ষয়ক্ষতি বন্ধ করতে রাশিয়ার শুধু যুদ্ধবিরতি ও কূটনীতির পথ বেছে নেওয়া প্রয়োজন।

তবে জেলেনস্কির এসব দাবি নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি রাশিয়া। চলমান যুদ্ধের কারণে হতাহতের সংখ্যা ও ভূখণ্ড পুনরুদ্ধারের দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করাও কঠিন।