খুলনায় ফ্ল্যাট থেকে উদ্ধার হলো নারী উদ্যোক্তা ও বিউটিশিয়ান মনি খানের লাশ। মাত্র ৩৮ বছর বয়সে থেমে গেল একজন নারীর স্বাবলম্বী হওয়ার লড়াই।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মহানগরীর করিমনগর মসজিদ লেনের একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
মনি খান স্থানীয় হোসাইন রশিদ খানের স্ত্রী। করিমনগর মসজিদ লেনের আজাদুল হকের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন তিনি। নিউমার্কেট এপ্রোচ রোডে ‘মনি খান বিউটিজোন’ নামে একটি বিউটি পার্লার পরিচালনার পাশাপাশি দীর্ঘদিন ধরে নারীদের বিউটিশিয়ান প্রশিক্ষণ দিয়ে আসছিলেন তিনি। তার মাধ্যমে অনেক নারী স্বাবলম্বী হওয়ার সুযোগ পেয়েছেন বলে জানা গেছে।
তবে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকে হঠাৎ বন্ধ হয়ে যায় তার ঘরের দরজা। দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা বুধবার জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে মনি খানকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মনি খানের আকস্মিক মৃত্যুতে স্বজন, পরিচিতজন ও তার সাথে কাজ করা নারীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। যে নারী অন্য নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখিয়েছেন, তার এমন আকস্মিক মৃত্যু এখন তৈরি করেছে নানা প্রশ্ন।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে মনি খান আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে


