ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলো ব্যাপক ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। সম্প্রতি সিবিএস নিউজ প্রকাশিত নতুন কিছু ছবিতে সামরিক স্থাপনা, যানবাহন ও বিমান ধ্বংসের চাঞ্চল্যকর চিত্র সামনে এসেছে। জানা গেছে, ৬০টি বিমানসহ মোট ৩.৭ বিলিয়ন ডলার বা ৩৭০ কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।
আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, সামরিক বাহিনীর গণমাধ্যম সংক্রান্ত কঠোর বিধিনিষেধের কারণে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সক্রিয় মার্কিন সেনাসদস্য সিবিএস নিউজকে এই ছবিগুলো সরবরাহ করেছেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হওয়া ক্ষয়ক্ষতির এই চিত্র তুলে ধরে এক সেনাসদস্য বলেন, এটি আমাদের ঘাঁটিগুলোর এক বিরাট ক্ষতি, যা সাধারণ মার্কিন জনগণের কাছে গোপন রাখা হয়েছে। মনে হচ্ছে আমরা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি আর অনবরত ঘুষি খাচ্ছি।
সিবিএস নিউজের বিশ্লেষণে দেখা গেছে, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটির একটি ছবিতে বোয়িং ই-৩ সেন্ট্রি বিমানের পেছনের অংশে সরাসরি আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে। ছবিটিতে বিমানটির পোড়া মূল কাঠামো থেকে লেজের অংশটি বিচ্ছিন্ন অবস্থায় দেখা যায়। এছাড়া ওই ঘাঁটির ক্ষতিগ্রস্ত ব্যারাক, ভবন এবং গ্রেনেড ও মটার হামলা থেকে সুরক্ষায় ব্যবহৃত কংক্রিটের ‘টি-ওয়াল’ প্রতিরোধকগুলোর ধ্বংসাবশেষও ছবিতে ফুটে উঠেছে। মার্কিন সেনা, সাঁজোয়া যান ও বিমানের অন্যতম প্রধান সমাবেশস্থল কুয়েতের ক্যাম্প বিউরিংয়েও বড় ধরনের ক্ষয়ক্ষতির প্রমাণ মিলেছে।
এই ছবিগুলো প্রকাশ্যে আসার ঠিক আগেই মার্কিন প্রতিরক্ষা বিভাগের মহাপরিদর্শক ইরান যুদ্ধের জেরে সরঞ্জাম ক্ষতির পরিমাণ সর্বোচ্চ ৩৭০ কোটি বা ৩.৭ বিলিয়ন ডলার বলে একটি আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ করেন। কংগ্রেসের কাছে পাঠানো বাধ্যতামূলক ওই প্রতিবেদনে বলা হয়, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক, ওমান এবং জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে এই ইরানি হামলার ঘটনা ঘটে এবং ক্ষতিগ্রস্ত সামরিক সরঞ্জামের তালিকার মধ্যে ৬০টি বিমানও রয়েছে।
এর আগে, ১ মার্চ ইরাকের শুয়াইবা বন্দরে হওয়া হামলায় ছয় মার্কিন সেনা নিহত হওয়ার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বিষয়টিকে ছোট করে ‘স্কোয়ার্টার’ বা ছোটখাটো অনুপ্রবেশ বলে মন্তব্য করেছিলেন। তবে ক্ষুব্ধ এক সেনাসদস্য এই দাবির প্রতিবাদ জানিয়ে বলেন, এগুলো কোনো ছোটখাটো হামলা ছিল না। আমরা এখন আর ঘাঁটিগুলো রক্ষা করতে পারছি না, কেবল চেয়ে চেয়ে সেগুলোর ধ্বংস হয়ে যাওয়া দেখছি।


