...|...|...

বিশ্ব

ইরানি পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:০৯
Shares
ইরানি পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন

ছবি: সংগৃহীত

বৃহত্তর জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে ইরানি সব ধরনের পণ্য ও সামগ্রীর প্রবেশ এবং বাজারজাতকরণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইয়েমেন সরকার। 

রবিবার (১৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা এই তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

ইয়েমেনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং আমদানি নিয়ন্ত্রণ ও অর্থায়ন বিষয়ক জাতীয় কমিটির প্রধান আহমাদ ঘালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই নিষেধাজ্ঞা অনুমোদন করা হয়। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সর্বোচ্চ জাতীয় স্বার্থের প্রয়োজনের কথা মাথায় রেখেই এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে নিজ নিজ এখতিয়ার অনুযায়ী এবং প্রচলিত আইন ও বিধিমালা মেনে এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই নিষেধাজ্ঞা ঠিক কবে থেকে কার্যকর হবে কিংবা ঠিক কোন কোন ইরানি পণ্যের ওপর এই কড়াকড়ি প্রযোজ্য হবে, সে বিষয়ে বিবৃতিতে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এবং ইরানসমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে চলমান তীব্র সংঘাতের প্রেক্ষাপটেই মূলত এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হলো। ইয়েমেনি সরকারের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়ে আসছে যে তেহরান হুথি গোষ্ঠীকে সামরিক ও আর্থিকভাবে সহায়তা করে যাচ্ছে, যদিও ইরান এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

উল্লেখ্য, ২০১৪ সালে হুথিরা রাজধানী সানা এবং ইয়েমেনের বড় একটি অংশ দখল করে নেয়। অন্যদিকে ইয়েমেনি সরকারি বাহিনীকে সহায়তা করছে সৌদি আরব নেতৃত্বাধীন জোট। ইতোপূর্বে ২০২২ সালের এপ্রিলে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দীর্ঘদিন দেশটিতে তুলনামূলক শান্ত অবস্থা বজায় থাকলেও গত জুলাই মাস থেকে লড়াই নতুন করে তীব্র আকার ধারণ করেছে।