ইয়েমেনের তায়েজ প্রদেশের একটি ব্যস্ত বাজারে ভয়াবহ বিমান হামলায় অন্তত ৩০ জনের বেশি মানুষ হতাহত হয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে এই মর্মান্তিক হামলার ঘটনা ঘটে বলে হুথি নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ‘আল মাসিরাহ টিভি’-র খবরে জানানো হয়েছে।
আল মাসিরাহ টিভির তায়েজ প্রতিনিধি জানিয়েছেন, সকালে আল-ওয়াজিয়াহ এলাকার একটি জনপ্রিয় ও জনাকীর্ণ বাজারে অন্তত তিনটি সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র বা বোমার আঘাত হানে। ওই বাজারের মর্মান্তিক এই হতাহতের সংখ্যাটি এখনও প্রাথমিক হিসাবমাত্র। দুর্ঘটনাস্থলের ওপর যুদ্ধবিমানগুলোর কড়া টহল ও নজরদারি অব্যাহত থাকার মধ্যেই নিখোঁজ ব্যক্তিদের লাশ উদ্ধারে উদ্ধারকর্মীরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
শুধু তায়েজ প্রদেশই নয়, একই দিনে ইয়েমেনের রাজধানী সানার হামদান এলাকার বিভিন্ন জনবসতিতে তীব্র বিমান হামলা চালানো হয়েছে। আল মাসিরাহ জানিয়েছে, এই হামলায় এলাকায় থাকা দুটি গভীর নলকূপ বা আর্টেসিয়ান ওয়েল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া দেশের উত্তরাঞ্চলের সাদা প্রদেশের মাজজ জেলাতেও বিমান হামলা অব্যাহত ছিল। পাশাপাশি সৌদির সীমান্তবর্তী শাদা ও অন্যান্য সীমান্ত জেলাগুলোতে সমরাস্ত্র থেকে ভারী আর্টিলারি ও রকেট হামলা চালানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


