...|...|...

বিশ্ব

তুরস্কে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে দুই শিক্ষকসহ ৮ জন নিহত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, রাত ২:৩৩
Shares
তুরস্কে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে দুই শিক্ষকসহ ৮ জন নিহত

ছবি: সংগৃহীত

তুরস্কের পশ্চিমাঞ্চলে পৃথক স্থানে ধারাবাহিক গুলিবর্ষণের ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিক্ষকও রয়েছেন। এসব ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। হামলার পর পালিয়ে যাওয়া সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশটির আফিওনকারাহিসার প্রদেশে এ ঘটনা ঘটে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আফিওনকারাহিসার প্রদেশের বিভিন্ন এলাকায় গুলিবর্ষণের খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিরাপত্তা বাহিনী। পরে আয়াজিনি গ্রামের কাছে তিনজন এবং কিয়ির গ্রামের কাছে আরও তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায়।

এ ছাড়া ইউকারিতানদির গ্রামে দুই নারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও তাঁদের বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় আহত আরও একজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের মধ্যে দুজন স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক বলে নিশ্চিত করেছে প্রাদেশিক শিক্ষা কর্তৃপক্ষ।

এদিকে তুর্কি গণমাধ্যমে প্রকাশিত সিসিটিভি ফুটেজে কালো জ্যাকেট, সাদা প্যান্ট ও চশমা পরা এক ব্যক্তিকে লাল রঙের একটি মিনিভ্যানের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাঁর হাতে একটি লম্বা আগ্নেয়াস্ত্র ছিল।

হামলার পর সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে গেলে তাঁকে ধরতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, হামলাকারীর ব্যবহৃত একটি গাড়ি কাদায় আটকে পড়া অবস্থায় পাওয়া যায়। পরে তিনি গাড়িটি ফেলে পায়ে হেঁটে পালিয়ে যান।

একপর্যায়ে পার্শ্ববর্তী এসকিশেহির প্রদেশে অভিযান চালিয়ে সন্দেহভাজন ব্যক্তিকে জীবিত অবস্থায় গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী। এসকিশেহির প্রাদেশিক কর্তৃপক্ষ তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

আফিওনকারাহিসার প্রাদেশিক প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। হামলার কারণ এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।