...|...|...

বিশ্ব

ইয়েমেনি বাহিনীর হামলায় একদিনে ৪০০ হুথি যোদ্ধা নিহত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, রাত ১২:৫৭
Shares
ইয়েমেনি বাহিনীর হামলায় একদিনে ৪০০ হুথি যোদ্ধা নিহত

ছবি: সংগৃহীত

ইয়েমেনের তাইজ গভর্নরেটে হুথি যোদ্ধাদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর দাবি করেছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৯৮টি লক্ষ্যভেদী অভিযান চালিয়ে প্রায় ৪০০ হুথি যোদ্ধাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে সরকারি বাহিনী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইয়েমেনের সরকারি বাহিনীর কর্নেল মাজেদ আবদুল্লাহ আল-নাজিলি জানিয়েছেন, তাইজ গভর্নরেটের সানামাত এলাকায় হুথিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে সরকারি বাহিনী। তীব্র লড়াইয়ের পর এলাকাটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে তারা।

আল-নাজিলির দাবি, গত ২৪ ঘণ্টায় হুথিদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ১ হাজার ২৯৮টি অভিযান পরিচালনা করা হয়েছে। এতে প্রায় ৪০০ হুথি যোদ্ধা নিহত হওয়ার পাশাপাশি ১৩২টি যানবাহন ও ভারী অস্ত্রের অবস্থান ধ্বংস করা হয়েছে।

এর আগে ইয়েমেনের সরকারি সেনারা তাইজের ধুবাব জেলা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মানদাব প্রণালীর কাছের বেশ কয়েকটি অবস্থান পুনরুদ্ধার করে।

এদিকে আল-জওফ ফ্রন্টেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কর্নেল আল-নাজিলি। তার ভাষ্য অনুযায়ী, সরকারি বাহিনীর পুনরুদ্ধার করা এলাকাগুলোতে সামরিক প্রকৌশল ইউনিট মাইন ও পেতে রাখা বিস্ফোরক অপসারণের কাজ চালিয়ে যাচ্ছে।