যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর পৃথক হামলা ও গুলিবর্ষণে এক নারী ও ১২ বছর বয়সী এক শিশুসহ পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) গাজার উদ্ধারকারী সংস্থাগুলোর বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
গাজার সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল জানান, মধ্য গাজার আল-বুরেজ শরণার্থী শিবিরের পূর্ব দিকে ইসরায়েলি বাহিনীর গুলিতে ১২ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
তিনি আরও জানান, সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে আল-জাওয়ায়েদা শহরের কাছে পৃথক দুটি ইসরায়েলি হামলায় আরও দুজন প্রাণ হারিয়েছেন। কাছাকাছি অবস্থিত আল-আকসা মার্টিয়ার্স হাসপাতাল কর্তৃপক্ষ এএফপিকে নিশ্চিত করেছে, ওই তিনজনকে হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়।
এদিকে দক্ষিণ গাজার খান ইউনিস শহরের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক নারী নিহত হয়েছেন। খান ইউনিসের নাসের হাসপাতাল কর্তৃপক্ষও তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
দিনের পরবর্তী সময়ে মাহমুদ বাসাল জানান, গাজা শহরের পশ্চিমাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
২০২৫ সালের অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় হামলা ও প্রাণহানির ঘটনা অব্যাহত রয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এক বছর আগে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ১ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।


