...|...|...

বিশ্ব

ইউরোপজুড়ে সুপারমার্কেটগুলোতে সাইবার হামলা, অচল ফ্রিজিং ব্যবস্থা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, রাত ৯:০৯
Shares
ইউরোপজুড়ে সুপারমার্কেটগুলোতে সাইবার হামলা,  অচল ফ্রিজিং ব্যবস্থা

ছবি: সংগৃহীত

ইউরোপের একাধিক দেশের সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থায় বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। সুইডেন, বেলজিয়াম ও লুক্সেমবার্গের বিভিন্ন সুপারমার্কেটে এ ঘটনা ঘটে, যার ফলে অস্বাভাবিকভাবে তাপমাত্রা বেড়ে গিয়ে বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট হয়েছে।

সোমবার (২ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এই তথ্য জানানো হয়। এর আগে গত মাসে ফ্রান্সেও একই ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছিল।

সুপারমার্কেট পরিচালনাকারী প্রতিষ্ঠান আহোল্ড ডেলহাইজ ও কোলরুইট জানিয়েছে, সোমবার রাতে তাদের তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় এই হামলা চালানো হয়। এর জেরে বেলজিয়াম ও লুক্সেমবার্গে ডেলহেইজের প্রায় ৪০টি শাখায় ফ্রিজের তাপমাত্রা অনিয়ন্ত্রিত হয়ে পড়ে।

বেলজিয়ামের হুভেলার্ট এলাকার একটি ডেলহেইজ শাখার ব্যবস্থাপক জানান, তাদের দোকানেই প্রায় এক লাখ ইউরোর খাবার নষ্ট হয়েছে। এছাড়া ফরাসি মালিকানাধীন ক্যারিফোরের বেলজিয়ামের ১৫টি দোকানও আক্রান্ত হয়েছে।

সুইডেনেও সুপারমার্কেট চেইন আইসিএ ও কো-অপ একই সংকটের মুখে পড়েছে। দক্ষিণ সুইডেনের স্যোবো এলাকার একটি আইসিএ দোকান জানিয়েছে, হ্যাকাররা রাতের বেলায় তাদের ফ্রিজের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে নির্ধারণ করে দিয়েছিল। এতে মুহূর্তেই সব খাবার নষ্ট হয়ে যায়। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় স্টকহোমসহ অন্যান্য ক্ষতিগ্রস্ত শাখাগুলো আবার চালু করা সম্ভব হয়েছে। কো-অপ জানিয়েছে, তাদের আটশ দোকানের মধ্যে সাতটি আক্রান্ত হয়েছে।

ইউরোপের বিভিন্ন দেশে সুপারমার্কেটের খাদ্যপণ্য সংরক্ষণ ব্যবস্থার নিরাপত্তা নিয়ে এই ঘটনায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। তবে এই সাইবার হামলার পেছনে কারা রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বেলজিয়াম ও সুইডেনের জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা পুরো বিষয়টি খতিয়ে দেখছে।