...|...|...

বিশ্ব

দাবি পূরণ হলে দুই দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলবে ইরান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, রাত ৯:৩৯
Shares
দাবি পূরণ হলে দুই দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলবে ইরান

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত নিরসনে সমঝোতা হলে মাত্র দুই দিনের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দিতে পারে ইরান। কাতারের মধ্যস্থতায় দোহায় অনুষ্ঠিত আলোচনায় তেহরানের পক্ষ থেকে এমন প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শেষে ইরানি প্রতিনিধিদল দোহা ছেড়েছে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, বিভিন্ন পক্ষের মতামতের জন্য একটি খসড়া প্রস্তাব পাঠানো হচ্ছে।

আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের দেওয়া সাত দফা প্রস্তাব। এর মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, সমঝোতা হলে আগে প্রস্তাব করা সাত দিনের পরিবর্তে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই জলপথটি খুলে দেওয়া সম্ভব।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট করেছেন, যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার এবং তেহরানের দাবিগুলো পূরণ না হলে হরমুজ প্রণালি খুলে দেওয়া কিংবা এর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সম্মত হবে না ইরান।

এদিকে, সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে দুই পক্ষের মধ্যে নতুন করে বৈঠক হওয়ার সম্ভাবনাও রয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। ফলে এই জলপথে অচলাবস্থা বিশ্ব জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।