...|...|...

বিশ্ব

ইরানে নতুন করে হামলার হুমকি, যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, রাত ১০:৩৭
Shares
ইরানে নতুন করে হামলার হুমকি, যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে সামরিক হামলার ইঙ্গিতসংবলিত খবরকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে অভিহিত করেছে রাশিয়া। ওয়াশিংটনকে সতর্ক করে মস্কো জানিয়েছে, এ ধরনের হামলা চালিয়ে ইরানি জনগণের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার সংকল্প ভাঙা সম্ভব নয়।

আল জাজিরা জানিয়েছে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সোমবার (২ নভেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে এই মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে জাখারোভা বলেন, ‘গত কয়েক মাসের মর্মান্তিক অভিজ্ঞতা দেখিয়েছে যে, ইরানে মৃত্যু ও ধ্বংসযজ্ঞ চালানো সামরিক হামলা দেশটির সার্বভৌমত্ব রক্ষায় জনগণের দৃঢ় সংকল্প ভাঙতে পারেনি। যারা আজ নতুন করে হামলার হুমকি দিচ্ছে, তাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।’ এ সময় হরমুজ প্রণালিতে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসার আশা প্রকাশ করেন তিনি।

জাখারোভা আরও বলেন, কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা এবং শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারীদের সহায়তা দেওয়া অত্যন্ত জরুরি। মস্কো এই সংকট নিরসনে পারস্পরিকভাবে গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করতে প্রস্তুত রয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা জোরালো হয়ে ওঠার মধ্যেই ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজাইয়ের সাথে ফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ফার্স নিউজ এজেন্সির খবর অনুযায়ী, ফোনালাপে ইরানের প্রতি রাশিয়ার অবিচল সমর্থনের জন্য পুতিনকে ধন্যবাদ জানান মোহসেন রেজাই।