...|...|...

বিশ্ব

বিশ্ববাজারে কমলো তেলের দাম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, রাত ১১:০৮ | আপডেট: ২ নভেম্বর ২০২৬, রাত ১১:৪৪
Shares
বিশ্ববাজারে কমলো তেলের দাম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতার ইতিবাচক ইঙ্গিত পাওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি তেল সরবরাহে বড় ধরনের বিঘ্নের আশঙ্কা কিছুটা কমে আসায় সোমবার এক দিনেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৬ শতাংশ পড়ে গেছে।

সোমবার (২ নভেম্বর) এর সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬ দশমিক ৯০ ডলার বা ৬ শতাংশ কমে ১০৬ ডলার ৫০ সেন্টে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ৬ ডলার ২৫ সেন্ট বা ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৭ ডলার ৮৭ সেন্টে নেমেছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর প্রতিবেদনে বলা হয়েছে, চলমান সংঘাতের অবসানে সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় সম্মতি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘাই জানান, যুক্তরাষ্ট্রের কাছে বার্তা পৌঁছে দিতে কাতারি মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগের লক্ষ্যে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি দোহা সফর করেছেন।

বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের আরোপ করা সামরিক ও নৌ অবরোধ প্রত্যাহারের শর্তের সঙ্গে হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়টি যুক্ত করেছে তেহরান।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার সিদ্ধান্ত নেওয়ার আগে কূটনৈতিক সমাধানের প্রচেষ্টাকে আরও সময় দিতে চান তিনি।

এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিচ্ছেন। ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়নি বলেও জানান তিনি।

এদিকে, তেলের বাজারে অস্থিরতার মধ্যেই রোববার বৈঠক করেছে তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাসের সাত সদস্য। বৈঠকে আগামী ডিসেম্বরেও তেল উৎপাদন না বাড়িয়ে বর্তমান পর্যায়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে অক্টোবর থেকে শুরু হওয়া উৎপাদন বৃদ্ধি স্থগিত রাখার সিদ্ধান্ত আরও এক মাসের জন্য বাড়ানো হলো।

সূত্র: এএফপি, এক্সিওস।