যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসব উদ্যাপনকে কেন্দ্র করে বিভিন্ন অঙ্গরাজ্যে ব্যাপক গুলিবর্ষণ ও সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ২৪ জন নিহত এবং ৯৪ জন আহত হয়েছেন। ক্যালিফোর্নিয়া থেকে ডেলাওয়ার পর্যন্ত বিভিন্ন স্থানে নৈশক্লাব, দোকান, স্টেডিয়াম ও বিশ্ববিদ্যালয় এলাকার কাছে এসব হামলার ঘটনা ঘটে।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে এসব সহিংসতার ঘটনা ঘটে। সবচেয়ে প্রাণঘাতী ঘটনাগুলোর একটি ঘটেছে টেক্সাসের ডালাস শহরের ডিপ এলাম এলাকায়। সেখানে তিনটি পৃথক গুলিবর্ষণের ঘটনায় চারজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।
এদিকে ফ্লোরিডার জ্যাকসনভিলে দুটি পৃথক ঘটনায় ১৩ জন গুলিবিদ্ধ হন। এতে দুজনের মৃত্যু হয়েছে। মিসিসিপির জ্যাকসনের একটি নৈশক্লাবে গুলিতে আরও দুজন নিহত ও চারজন আহত হয়েছেন।
নর্থ ক্যালিফোর্নিয়ার একটি পোশাকের দোকানে বন্দুকধারীর হামলায় অন্তঃসত্ত্বা এক নারী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। অন্যদিকে আলাবামার বার্মিংহামে স্টেডিয়ামের বাইরে গুলিতে একজন নিহত ও আটজন আহত হন।
এছাড়া ইলিনয়, ইন্ডিয়ানা, ডেলাওয়ার ও আরকানসাসের বিভিন্ন স্থানেও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় একাধিক মানুষ হতাহত হয়েছেন। কয়েকটি ঘটনায় সন্দেহভাজনদের শনাক্ত ও আটকের পাশাপাশি তদন্ত চালাচ্ছে পুলিশ।
বিশেষজ্ঞদের মতে, হ্যালোইনের মতো উৎসবে বড় জনসমাগম, মদ্যপান ও মাদক গ্রহণের পাশাপাশি আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা সহিংসতার ঝুঁকি বাড়াতে পারে। তবে বিপুলসংখ্যক মানুষের সমাগম হওয়ায় প্রতিটি স্থানে পুলিশের উপস্থিতি নিশ্চিত করা কঠিন বলে মনে করছেন অপরাধবিজ্ঞানীরা।


