সাগরপথে ইউরোপ যাওয়ার আশায় লিবিয়ায় গিয়ে আটকে পড়া আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে ত্রিপোলি থেকে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। এ কাজে যুক্ত ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ফেরা ব্যক্তিদের বেশির ভাগই অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহায়তায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন।
তাদের অনেকে সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা।
আইওএমের পক্ষ থেকে দেশে ফেরা ব্যক্তিদের যাতায়াত খরচ, খাবার ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে তাদের অস্থায়ী আবাসনের ব্যবস্থাও রাখা হয়েছে।


