পিএইচপির নিরাপত্তা ত্রুটি সংশোধন ও সিস্টেম হালনাগাদের কাজ চলায় সাময়িকভাবে বন্ধ রয়েছে সরকারি সেবার কেন্দ্রীয় অনলাইন প্ল্যাটফর্ম মাইগভের ওয়েবসাইট। ফলে অনলাইনে সরকারি বিভিন্ন সেবা নিতে গিয়ে ভোগান্তিতে পড়তে পারেন নাগরিকেরা।
রবিবার (২৫ অক্টোবর) রাত থেকে মাইগভের ওয়েবসাইট বন্ধ রয়েছে। সোমবার একাধিকবার প্রবেশের চেষ্টা করেও সাইটটি সচল পাওয়া যায়নি। এ সময় ওয়েবসাইটে ‘ওয়েব সার্ভার ইজ ডাউন’ বার্তা দেখা যায়।
এ বিষয়ে অ্যাসপায়ার টু ইনোভেটের (এটুআই) সিনিয়র কনসালট্যান্ট (ন্যাশনাল পোর্টাল) এবং ডিজিটাল প্রোডাক্ট ম্যানেজমেন্ট-১-এর ক্লাস্টার হেড ফজলুল জাহিদ পাভেল জানান, সাইবার নিরাপত্তা নিশ্চিত করা ও সিস্টেম হালনাগাদের জন্য মাইগভ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। প্ল্যাটফর্মটির নিরাপত্তা জোরদার করতে প্রয়োজনীয় হালনাগাদের কাজ করছেন প্রযুক্তি দলের সদস্যরা।
তিনি জানান, গত ২২ অক্টোবর থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। চূড়ান্ত হালনাগাদ ও রক্ষণাবেক্ষণের কাজ শেষ না হওয়া পর্যন্ত ওয়েবসাইটটি বন্ধ থাকবে। আগামী ২৭ অক্টোবর রাত ১২টা পর্যন্ত এ কার্যক্রম চলার কথা রয়েছে।
মাইগভের মাধ্যমে বিভিন্ন সরকারি দফতরের সেবা অনলাইনে পাওয়া যায়। এর মধ্যে রয়েছে বিদেশগামী শিক্ষার্থী ও নাগরিকদের শিক্ষাগত সনদসহ বিভিন্ন সরকারি নথি সত্যায়নের ই-অ্যাপোস্টিল সেবা। এ ব্যবস্থায় ঘরে বসেই অনলাইনে নথি সত্যায়নের আবেদন করা যায়। ফলে সংশ্লিষ্ট দফতরে সরাসরি গিয়ে কাগজপত্র জমা দেওয়ার প্রয়োজন কমে আসে।
সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ৪৪০টি সেবাও মাইগভ প্ল্যাটফর্মে যুক্ত রয়েছে। ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে এসব সেবার জন্য আবেদন করতে পারেন নাগরিকেরা।
এটুআই সূত্রে জানা গেছে, প্রতিদিন পাঁচ থেকে ছয় হাজার মানুষ মাইগভ থেকে বিভিন্ন সেবা নিয়ে থাকেন। ফলে প্ল্যাটফর্মটি বন্ধ থাকায় অনলাইনে সরকারি সেবা প্রত্যাশীদের সাময়িক অসুবিধায় পড়ার আশঙ্কা রয়েছে।


