...|...|...

সারাদেশ

সমাজসেবা কার্যালয়ের ওয়েবসাইটে শেখ মুজিব-হাসিনার ছবি

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, সকাল ৯:৫৯ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২:৫৬
Shares
সমাজসেবা কার্যালয়ের ওয়েবসাইটে শেখ মুজিব-হাসিনার ছবি

আদমদীঘি উপজেলা সমাজসেবা কার্যালয়। ছবি: সংগৃহীত

বগুড়ার আদমদীঘি উপজেলা সমাজসেবা কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে এখনো শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি প্রদর্শিত হচ্ছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকাল সাড়ে ৫টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নের অধীনে থাকা ওই ওয়েবসাইটে ছবিগুলো দেখা যায়।

ওয়েবসাইটে প্রকাশিত একটি কার্যক্রমের ছবিতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল-আমিনকে তার কার্যালয়ে বসা অবস্থায় দেখা যায়। তার পাশে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য মহসীন আলীসহ কয়েকজন উপকারভোগী হাতে আর্থিক সহায়তার টাকা নিয়ে দাঁড়িয়ে আছেন। ছবিটির পেছনের দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি স্পষ্টভাবে দৃশ্যমান।

বিষয়টি নজরে আসার পর স্থানীয় কয়েকজন ওয়েবসাইটটির স্ক্রিনশট ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন। এরপর থেকেই এটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়।

স্থানীয়দের ভাষ্য, ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের পর রাজনৈতিক পটপরিবর্তন ঘটলেও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কিছু ওয়েবসাইটে এখনো আগের সময়ের ছবি ও তথ্য রয়ে গেছে। তাদের প্রশ্ন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন এতদিনেও এসব তথ্য হালনাগাদ করেনি।

এ বিষয়ে সান্তাহার শহর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ বলেন, সরকারি ওয়েবসাইটে দীর্ঘদিন পুরোনো ছবি বা তথ্য থেকে যাওয়া প্রশাসনিক অবহেলার পরিচায়ক। তিনি দ্রুত প্রয়োজনীয় হালনাগাদের জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।

অভিযোগের বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল-আমিন বলেন, অফিস সহকারী না থাকায় নিয়মিত ওয়েবসাইট আপডেট করা সম্ভব হয়নি। ব্যস্ততার কারণে বিষয়টি তার নজরেও আসেনি। তবে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ছবিটি দ্রুত সরিয়ে ফেলার উদ্যোগ নেওয়া হবে।

আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম জানান, বিষয়টি তাদের নজরে এসেছে এবং দ্রুত ওয়েবসাইটে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।