...|...|...

সারাদেশ

স্ত্রী-সন্তান রেখে কলেজছাত্রীকে নিয়ে হাসপাতালে রাত কাটাতে গিয়ে কারারক্ষী আটক

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, রাত ১১:৩৪
Shares
স্ত্রী-সন্তান রেখে কলেজছাত্রীকে নিয়ে হাসপাতালে রাত কাটাতে গিয়ে কারারক্ষী আটক

আটক কারারক্ষী ওয়াজেদ আলী। ছবি: সংগৃহীত

জয়পুরহাট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় মধ্যরাতে এক কলেজছাত্রীর সাথে অবস্থান করার সময় আটক হয়েছেন জয়পুরহাট কারাগারের এক কারারক্ষী। অসামাজিক কার্যকলাপের অভিযোগে গতকাল সোমবার রাত আড়াইটার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ দুজনকে থানায় নিয়ে যায়।

আটক কারারক্ষীর নাম ওয়াজেদ আলী (৪২)। তিনি জয়পুরহাট কারাগারে কর্মরত। তার বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলায়। ওই কলেজছাত্রীর বাড়িও একই উপজেলায়।

পুলিশ ও কারাগার সূত্রে জানা গেছে, ওয়াজেদ আলীর সাথে ওই কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক রয়েছে। গতকাল সোমবার ওই ছাত্রী জয়পুরহাটে এসে তার সাথে দেখা করেন। রাত ১১টা থেকে ১টা পর্যন্ত কারাগারে দায়িত্ব পালন শেষে ব্যারাকে না ফিরে ওয়াজেদ আলী হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় ওই ছাত্রীর সাথে অবস্থান করছিলেন।

এ সময় তাদের আচরণে সন্দেহ হলে রোগীর স্বজনেরা হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। একপর্যায়ে দুজন নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের আটক করে পুলিশে খবর দেয়। রাত আড়াইটার দিকে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে যায়।

মঙ্গলবার দুপুরে থানায় গিয়ে দেখা যায়, ওয়াজেদ আলীকে হাজতে এবং কলেজছাত্রীকে নারী ও শিশু সহায়তা কক্ষে রাখা হয়েছে।

এ বিষয়ে কলেজছাত্রী বলেন, রাতে হাসপাতালে থাকার সময় লোকজন আমাদের আটক করেন এবং পরে পুলিশ থানায় নিয়ে আসে। ওয়াজেদের স্ত্রী ও সন্তান থাকার বিষয়টি আমি জানি। তার সাথে প্রেমের সম্পর্ক থাকলেও ওয়াজেদের চাকরির ক্ষতি হোক, তা আমি চাই না এবং কোনো মামলা করব না।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, হাসপাতালের বারান্দায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষ কারারক্ষী ও কলেজছাত্রীকে পুলিশে দিয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। কলেজছাত্রীর পরিবারের সদস্যদের থানায় আসতে বলা হয়েছে।

জয়পুরহাট কারাগারের জেল সুপার উম্মে সালমা বলেন, সোমবার রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত দায়িত্ব পালনের পর মঙ্গলবার সকাল ৬টা থেকে ওয়াজেদ আলীর আবার দায়িত্ব পালনের কথা ছিল। তবে তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। থানার পুলিশ বিষয়টি কারাগার কর্তৃপক্ষকে জানিয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।