ভোলার সব এলাকায় বুধবার (২৫ নভেম্বর) সাড়ে তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বোরহানউদ্দিনের ২২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে ট্রান্সফর্মার চালুর আগে প্রি-কমিশনিং ও টেস্টিং কার্যক্রম পরিচালনার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকাল সাড়ে ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এতে আরও জানানো হয়, বোরহানউদ্দিন ২২৫ মেগাওয়াট পাওয়ার প্লান্টের অভ্যন্তরে নতুন করে মেরামত করা ট্রান্সফর্মার চালুর প্রস্তুতি হিসেবে প্রি-কমিশনিং ও টেস্টিং কার্যক্রম পরিচালনা করা হবে। এ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে সাময়িকভাবে জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা প্রয়োজন।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে ওজোপাডিকো।


