জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ঢাকার কয়েকটি এলাকায়। হাসনাবাদ গ্রিড উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ এবং বিদ্যুৎ লাইনের সংস্কারকাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসনাবাদ গ্রিড উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণের পাশাপাশি ১১ কেভি ফিডারের (এক্সপ্রেস, ভিলেজ, বুড়িগঙ্গা ও হাউজিং) রক্ষণাবেক্ষণ এবং রাইট অব ওয়ে-সংক্রান্ত কাজ করা হবে। এ কারণে সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার তালিকায় রয়েছে হাসনাবাদ, দোলেশ্বর, ইকুরিয়া, মোকামপাড়া, মীরেরবাগ, মুসলিম নগর, বেয়ারা, মজিলবেয়ারা, নোয়াদ্দা, আড়াকুল, তেঘরিয়া, বনগ্রাম, পুবদি, মনুরবাগ, মির্জাপুর, মুজাহিদনগর ও বাগবাড়ী।
নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।


