...|...|...

রাজধানী

লালবাগে রেস্টুরেন্টে বিস্ফোরণ, দগ্ধ ৬

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, রাত ২:০৩ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, রাত ২:০৪
Shares
লালবাগে রেস্টুরেন্টে বিস্ফোরণ, দগ্ধ ৬

ছবি: সংগৃহীত

রাজধানীর লালবাগে গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ‘কাচ্চি খানাস’ নামের একটি রেস্টুরেন্টে গ্যাস লাইনের কাজ করার সময় এ দুর্ঘটনায় পাঁচ কর্মচারীসহ ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে রাত সোয়া ৯টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

দগ্ধ ব্যক্তিরা হলেন পলাশ (৪২), নয়ন (২৬), রবিন (২৪), নয়ন (২৪), নিরব (২৫) ও জনি (১৮)। তাদের মধ্যে পলাশ ছাড়া বাকি পাঁচজন ওই রেস্টুরেন্টের কর্মচারী।

দগ্ধ নয়ন শিকদার জানান, রাত সাড়ে ৮টার দিকে রেস্টুরেন্টে গ্যাস লাইনের কাজ করছিলেন মিস্ত্রি পলাশ। কাজের সময় গ্যাস লাইনের চাবি খোলা থাকায় পুরো ঘরে গ্যাস জমে যায়। পরে কাজের একপর্যায়ে অসাবধানতাবশত লাইন পরীক্ষা করতে আগুন জ্বালানোর চেষ্টা করলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এতে পলাশসহ পাঁচ কর্মচারী দগ্ধ হন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, ছয়জনকে সেখানে নেওয়া হয়েছে। তাদের মধ্যে নয়ন মোল্লার শরীরের ১২ শতাংশ, পলাশের ২৪ থেকে ২৬ শতাংশ, জনির ৫ শতাংশ, রবিনের ৩ শতাংশ এবং নয়ন শিকদারের শরীরের ৫ শতাংশ দগ্ধ হয়েছে। নিরবের ত্বকের উপরিভাগ দগ্ধ হয়েছে।

চিকিৎসক জানান, দগ্ধ ছয়জনের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি পাঁচজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।