জামালপুরের তিন উপজেলায় আগামীকাল শনিবার (২১ নভেম্বর) নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৈদ্যুতিক খুঁটি মেরামত, নতুন খুঁটি স্থাপন ও ফিডারের সুইচিং রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে বিষয়টি জানিয়েছেন জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম সাহিদুল ইসলাম।
এর আগে, জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির কারিগরি শাখার ডিজিএম আবু তৈয়ব মো. জহুরুল আলমের সই করা চিঠিতে এ বিষয়ে জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, পল্লী বিদ্যুতের ৩৩ কেভি ডাবল সার্কিট ফিডারের বৈদ্যুতিক খুঁটি মেরামত ও নতুন খুঁটি স্থাপনের জন্য জামালপুর সদর উপজেলার নান্দিনা অঞ্চল এবং মেলান্দহ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ দুই এলাকায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এ ছাড়া, ট্রিপল সার্কিট ফিডারের সুইচিং রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৩৩ কেভি মাদারগঞ্জ উপজেলা ফিডারে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম সাহিদুল ইসলাম বলেন, পূর্বনির্ধারিত সময়ে জরুরি প্রয়োজনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য পল্লী বিদ্যুৎ সমিতি গ্রাহকদের সহযোগিতা প্রত্যাশা করে।
আবহাওয়ার কারণে এই সিদ্ধান্ত পরিবর্তন হলে তাও জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।


