বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার ক্ষেত্রে ন্যূনতম স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে বিশেষ অবদান বা যোগ্যতা বিবেচনায় এ শর্ত শিথিল করার সুযোগ রাখা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে।
পরিপত্র অনুযায়ী, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতির সাধারণ শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্তত স্নাতক পাস বা সমমান। তবে শিক্ষা বিস্তার ও উন্নয়নে বিশেষ অবদান রয়েছে, এমন ব্যক্তির ক্ষেত্রে সরকার চাইলে এ যোগ্যতার শর্ত শিথিল করতে পারবে।
একই পরিপত্রে পুনর্গঠিত গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি ও অ্যাডহক কমিটিতে স্থানীয় পর্যায়ের তিনজন গণ্যমান্য ব্যক্তিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এ তিনজনের মধ্যে একজন নারী প্রতিনিধি রাখতে হবে।
গভর্নিং বডির সভাপতি মনোনয়নের প্রক্রিয়ায় প্রতিষ্ঠানপ্রধানকে তিনজন সম্ভাব্য ব্যক্তির নাম ও জীবনবৃত্তান্ত শিক্ষা বোর্ডে পাঠাতে হবে। মহানগর এলাকার ক্ষেত্রে বিভাগীয় কমিশনার এবং অন্যান্য এলাকার ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের মাধ্যমে এ প্রস্তাব পাঠাতে হবে। প্রস্তাবিত তিনজনের মধ্য থেকে একজনকে সভাপতি হিসেবে মনোনীত করবে শিক্ষা বোর্ড।
সভাপতি পদে প্রস্তাবিত ব্যক্তিদের যোগ্যতার ক্ষেত্রেও নির্দিষ্ট শ্রেণি উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছেন জেলা বা উপজেলার সরকারি, আধা-সরকারি কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তা, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী, শিক্ষায় আগ্রহী খ্যাতিমান ব্যক্তি, সমাজসেবক এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।
অন্যদিকে, ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের ক্ষেত্রে সভায় উপস্থিত নির্বাচিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটের বিধান রাখা হয়েছে। নির্বাচিত সদস্যদের মধ্য থেকে অথবা পরিপত্রে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের মধ্য থেকে সভাপতি নির্বাচন করা যাবে। তবে যিনিই নির্বাচিত হোন, তাকে অবশ্যই স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
ঢাকা শিক্ষা বোর্ডসহ দেশের নয়টি শিক্ষা বোর্ডের আওতাধীন বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠনে এ নির্দেশনা কার্যকর হবে। এ ক্ষেত্রে ২০২৪ সালের প্রবিধানমালার ৩১ আগস্ট ২০২৫ তারিখের সংশোধনী অনুসরণের কথাও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।


