ভিয়েতনামের শ্রমিকদের সমান মজুরি দিতে বাংলাদেশের পোশাকশিল্প মালিকদের আপত্তি নেই। তবে এ জন্য ভিয়েতনামের মতো অবকাঠামো ও ব্যবসায়িক সুবিধা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান।
রবিবার (২২ নভেম্বর) পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) আয়োজনে ‘গার্মেন্ট ওয়ার্কার্স ওয়েজ: ফেয়ারনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিজিএমইএ সভাপতি বলেন, যেসব দেশে বাংলাদেশের তুলনায় শ্রমিকদের মজুরি বেশি, সেসব দেশের মতো সুযোগ-সুবিধা নিশ্চিত করা হলে বাংলাদেশেও বেশি মজুরি দিতে সমস্যা নেই। ভিয়েতনামের মজুরির উদাহরণ টেনে তিনি বলেন, দেশটির সমান মজুরি দিতে আপত্তি নেই, তবে সে অনুযায়ী অবকাঠামোগত সুবিধাও দিতে হবে।
বাংলাদেশের পোশাকশিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতার সীমাবদ্ধতা তুলে ধরে মাহমুদ হাসান খান বলেন, লজিস্টিক সুবিধাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ভিয়েতনামের চেয়ে পিছিয়ে। পণ্য সরবরাহের সময় বা লিড টাইমের দিক থেকেও দেশটির তুলনায় পিছিয়ে রয়েছে বাংলাদেশ। দেশে গভীর সমুদ্রবন্দর নেই। ভিয়েতনামের মতো শক্তিশালী পশ্চাৎমুখী সংযোগশিল্পও গড়ে ওঠেনি। এ খাতের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহেও ঘাটতি রয়েছে।
শ্রমিকদের মজুরি প্রসঙ্গে তিনি দাবি করেন, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারিত হলেও তাদের গড় মাসিক প্রকৃত আয় ১৯ হাজার ৫০০ টাকা।
অনুষ্ঠানে শ্রমিকদের আন্দোলনে রাস্তায় নামার কারণ ও শ্রমিক-মালিকপক্ষের মধ্যে বিদ্যমান আস্থার সংকট নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, শ্রমিকেরা মনে করেন, রাস্তায় না নামলে তাদের দাবির বিষয়ে আলোচনা হয় না। এ ধরনের আস্থার সংকট থেকে বেরিয়ে আসা প্রয়োজন।
এর জবাবে বিজিএমইএ সভাপতি বলেন, সমস্যা সমাধানে রাস্তায় নামতে হবে, এমন মানসিকতা থেকে বেরিয়ে আসা দরকার। তার প্রশ্ন, ‘রাস্তায় না নামলে সমস্যার সমাধান হয় না, এখনো কি আমরা এমন আদিম যুগে রয়ে গেছি?’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, নিজেদের দাবি বা সমস্যা তুলে ধরতে মনোযোগ আকর্ষণের জন্য রাস্তায় নামার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তবে কোনো ধরনের বিশৃঙ্খলা কাম্য নয়।
আলোচনায় বাংলাদেশের পোশাক খাতের প্রতিনিধি ও শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে মজুরি নির্ধারণে স্থায়ী, স্বচ্ছ ও তথ্য-প্রমাণভিত্তিক কাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। তাদের মতে, এমন ব্যবস্থা থাকা দরকার, যাতে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি শিল্পের টেকসই সক্ষমতা ও আন্তর্জাতিক প্রতিযোগিতার বিষয়টিও বিবেচনায় থাকে।
সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, বিভিন্ন দেশে শ্রমিকদের সামাজিক সুরক্ষায় সরকার নানা ধরনের সুবিধা দিয়ে থাকে। বাংলাদেশে এ ধরনের সুবিধা না থাকায় শ্রমিকদের বিষয়টি মূলত কারখানার মালিকদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।
দেশে ন্যূনতম মজুরি নির্ধারণের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য-উপাত্তের অভাব, জাতীয় ন্যূনতম মজুরি না থাকা, ন্যূনতম মজুরির ভিত্তি সম্পর্কে সুস্পষ্ট সংজ্ঞার ঘাটতি এবং মজুরি বোর্ডের গবেষণার অভাবের বিষয়টিও তুলে ধরেন তিনি।
অন্যদিকে, ওভারটাইম করে পাওয়া অর্থকে ন্যূনতম মজুরির সাথে হিসাব করার বিরোধিতা করেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আখতার। তিনি বলেন, ওভারটাইম বাদ দিয়ে একজন শ্রমিক তার স্বাভাবিক কাজের জন্য কত টাকা মজুরি পান, সেটিই বিবেচনায় নেওয়া উচিত।
নিম্নতম মজুরি বোর্ডের সদস্য মুসলেহ উদ্দিন বলেন, চলতি মাসের মধ্যে আলোচনা-সমঝোতার মাধ্যমে পোশাকশ্রমিকদের জন্য একটি ফলপ্রসূ মজুরি নির্ধারণ করা সম্ভব হবে বলে তারা আশা করছেন।
আলোচনায় পোশাকশিল্পের বর্তমান সংকট ও বিভিন্ন সীমাবদ্ধতার বিষয় তুলে ধরেন খাতটির উদ্যোক্তা, বিজিএমইএর সাবেক সভাপতি এবং বর্তমানে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ।


