বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়ন ও কার্যকরের প্রক্রিয়া দ্রুত শেষ করার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিশেষ করে নারী শিক্ষকদের পারিবারিক ও সামাজিক সমস্যার বিষয়টি বিবেচনায় নিয়ে বদলি নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এ সংক্রান্ত সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়।
কমিটির রেজ্যুলেশন সূত্রে জানা গেছে, বৈঠকে শিক্ষকদের বদলির বিষয়টি উত্থাপন করেন কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
তিনি বলেন, অনেক নারী শিক্ষককে নিজ জেলা থেকে দূরবর্তী স্থানে নিয়োগ দেওয়ায় পারিবারিক নানা সমস্যার সৃষ্টি হয়েছে।
তার ভাষ্য, অনেক নারী শিক্ষকের সংসার ভেঙে গেছে, অনেকের ডিভোর্স হয়ে গেছে এবং অনেকে চাকরি পর্যন্ত ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। এসব বিষয় বিবেচনায় নিয়ে জরুরি ভিত্তিতে নারী শিক্ষকবান্ধব বদলি নীতি প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ বিষয়ে বৈঠকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছে ব্যাখ্যা চাওয়া হয়।
এনটিআরসিএ চেয়ারম্যান আলিফ রুদাবা জানান, শিক্ষকদের বদলির বিষয়টি তাদের প্রতিষ্ঠানের আওতাভুক্ত নয়। বদলি ও এ সংক্রান্ত অন্যান্য কার্যক্রম মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) পরিচালনা করে।
অন্যদিকে, মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, শিক্ষকদের বদলির জন্য মন্ত্রণালয়ে একটি নীতিমালা প্রণয়নের কাজ চলছে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, ইতোমধ্যে মাউশির পক্ষ থেকে বদলি কার্যক্রম পরিচালনার জন্য একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর সেটি ব্যবহার করে নীতিমালা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।


