...|...|...

শিক্ষা

এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, যেভাবে দেখবেন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, বিকেল ৩:২৯
Shares
এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, যেভাবে দেখবেন

ছবি: সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকাল ৩টায় ফল প্রকাশের পর থেকে পরীক্ষার্থীরা অনলাইনে এবং এসএমএসের মাধ্যমে নিজেদের ফল জানতে পারছেন।

সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে পৃথকভাবে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হচ্ছে। ফলে আবেদনকারী শিক্ষার্থীরা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে ফল দেখতে পারবেন।

এর আগে রবিবার (২২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং আবেদনকারীদের মোবাইল ফোনে পাঠানো এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। এসব শিক্ষার্থী বাংলা, ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ (আইসিটি) বিভিন্ন বিষয়ের মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।

বোর্ডভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আবেদন জমা পড়েছে ১ লাখ ১৭ হাজার ৭০০টি।

অন্য বোর্ডগুলোর মধ্যে রাজশাহী শিক্ষা বোর্ডে ১ লাখ ৯ হাজার ৯৭১টি, যশোরে ৯৭ হাজার ৬১৮টি, কুমিল্লায় ৯২ হাজার ৭৭৬টি, দিনাজপুরে ৮৯ হাজার ৪২০টি, ময়মনসিংহে ৭১ হাজার ৭৬২টি, বরিশালে ৫৩ হাজার ৪০৯টি এবং সিলেটে ৫১ হাজার ২৪৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে।

এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজার ৮৩০টি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়েছে।