...|...|...

শিক্ষা

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৫৯
Shares
লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

ছবি : সংগৃহীত

বছরের শেষ মাস ডিসেম্বরজুড়ে শীতকালীন অবকাশ ও বিভিন্ন দিবসের ছুটিতে বন্ধ থাকবে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। তবে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে ছুটির সময়সূচিতে ভিন্নতা রয়েছে। কোনো স্তরে টানা ১২ দিন, আবার কোনো স্তরে ছুটি থাকছে ১৮ দিন পর্যন্ত।

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা অনুযায়ী, শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পৃথক বর্ষপঞ্জিতে এসব ছুটির সময় নির্ধারণ করা হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন অবকাশ শুরু হবে ২০ ডিসেম্বর। এদিন রবিবার হওয়ায় এর আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। অবকাশ শেষ হবে ২৯ ডিসেম্বর মঙ্গলবার। এর মধ্যে ২৫ ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিনের ছুটি রয়েছে। সব মিলিয়ে প্রাথমিক বিদ্যালয়ে টানা ১২ দিন ছুটি পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা।

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়েও ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ থাকবে। এ ছুটির আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এ স্তরের শিক্ষক-শিক্ষার্থীরাও টানা ১২ দিনের ছুটি ভোগ করবেন।

কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরে ছুটি আরও দীর্ঘ। মাউশির কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছুটি থাকবে। এর আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ছুটি রয়েছে। ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়বে। ফলে কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরে সব মিলিয়ে ১৮ দিনের ছুটি কাটানোর সুযোগ পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা।

অন্যদিকে, মাদ্রাসায় ১৩ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। এর আগে ও পরে দুই দিন করে সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি-বেসরকারি মাদ্রাসা, স্বতন্ত্র এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরে মোট ১৫ দিনের ছুটি হবে।

এই অবকাশের মধ্য দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ২০২৬ সালের নির্ধারিত ছুটি শেষ হবে। তবে প্রতিষ্ঠানপ্রধানের সংরক্ষিত দুই দিনের ছুটি যুক্ত হলে কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা আরও দুই দিন বেশি ছুটি ভোগ করতে পারবেন।