গত ২০ বছর দেশে বৈধ শাসক, আইনের শাসন ও ভোটাধিকার ছিল না বলে মন্তব্য করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম। তিনি বলেছেন, ফ্যাসিস্টদের অপশাসনে জনসাধারণ অতিষ্ঠ হয়ে আন্দোলন-সংগ্রাম করে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে তাদের বিতাড়িত করে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করেছে। এই নতুন বাংলাদেশের যাত্রা, অগ্রগতির যাত্রা ও স্বাধীনভাবে চলার যাত্রা পরিকল্পিতভাবে বিঘ্নিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে পালিয়ে যাওয়া ফ্যাসিস্টরা। তারই অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানের মতো শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। ভয়, আতঙ্ক ও ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় ফ্যাসিবাদী শক্তি।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে সারাদেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি। সাধারণ শিক্ষকবৃন্দের আয়োজনে প্রশাসন ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও গণতান্ত্রিক অগ্রযাত্রার ধারাবাহিকতা অব্যাহত রাখতে আজকের প্রতিবাদ সমাবেশ। ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) ফ্যাসিস্ট সরকারের অন্যায়-অনিয়মের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতিবাদ করে এসেছে। জেল-জুলুম সহ্য করে ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে শিক্ষক সমাজকে একত্রিত করে প্রতিবাদ করেছে। অতীতের মতো পলাতকদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ সমাবেশ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও জুলাই-৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদুল হক, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এনামুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।


