...|...|...

সারাদেশ

নারীকে করুণার পাত্র নয়, শক্তির আধার হিসেবে দেখে বিএনপি: হুইপ দুলু

নাটোর প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৪৯
Shares
নারীকে করুণার পাত্র নয়, শক্তির আধার হিসেবে দেখে বিএনপি: হুইপ দুলু

ছবি: টাইমস টুডে

নারীর অধিকার, শিক্ষা, নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও রাজনীতিসহ সব ক্ষেত্রে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় নাটোরের একটি কমিউনিটি সেন্টারে খান ফাউন্ডেশনের ‘ভয়েস ফর চেঞ্জ’ প্রকল্পের আওতায় আয়োজিত সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নীতিনির্ধারণে নারীর কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব বিষয়ে সংসদ সদস্যদের সাথে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

হুইপ দুলু বলেন, বিএনপির রাজনীতি কখনোই নারীকে করুণার পাত্র হিসেবে দেখেনি, বরং শক্তির আধার হিসেবে বিবেচনা করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬ সালে নারী বিষয়ক দফতর প্রতিষ্ঠা করেন এবং ১৯৭৮ সালে মহিলা বিষয়ক মন্ত্রণালয় গঠন করেন। পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়া মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করে নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তিনি বলেন, শহীদ জিয়ার প্রাতিষ্ঠানিক উদ্যোগ, বেগম খালেদা জিয়ার শিক্ষা কার্যক্রম এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্যামিলি কার্ড ও উপবৃত্তি সম্প্রসারণ কর্মসূচি নারীর উন্নয়নে ধারাবাহিক ভূমিকা রাখছে। বর্তমান সরকার পরিবারের জ্যেষ্ঠ নারীর জন্য ফ্যামিলি কার্ড এবং মেয়েদের স্নাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষার উদ্যোগ বাস্তবায়ন করছে।

দুলু আরও বলেন, নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। গণপ্রতিনিধিত্ব আদেশের প্রতিফলন বিএনপির আগামী কাউন্সিলেও দেখা যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলের নীতিনির্ধারকরা এ বিষয়ে সচেষ্ট রয়েছেন। এর মাধ্যমে দলের সাংগঠনিক কাঠামো ও নির্বাচনে নারীদের ৩৩ শতাংশ অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সুফিয়া হকের সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ।

এ সময় বক্তব্য দেন ‘আলো’র নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা এবং খান ফাউন্ডেশনের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার মো. সালাহউদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নীলুফার ইয়াসমিন। সংলাপে বিভিন্ন পর্যায়ে কর্মরত নারী নেতৃবৃন্দ গণপ্রতিনিধিত্ব আদেশসহ নারীর ক্ষমতায়নে নানা প্রস্তাবনা তুলে ধরেন।